1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে রয়েছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট। সে একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে কলিংবেল চেপে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় ইমন। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী ছুরি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার হাত ও পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীকে শনাক্ত করার পর তাকে গ্রেপ্তারে একাধিক দল অভিযান শুরু করে। ঘটনার পর ইমন পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায়। তাদের বাসার বাইরে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। পরে সেখানে অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। তবে পুলিশের নজরদারি ও ধারাবাহিক অভিযানের মুখে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আহত স্কুলছাত্রী শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলা হবে। এরপর হামলার নেপথ্যের কারণ জানার চেষ্টা করবে পুলিশ। এদিকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সোমবার সন্ধ্যা থেকে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। শহরের পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কসহ বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে ১৪ জনকে আটক করা হয়। তাদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ