1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম, স্বীকার করে বলছেন—‘স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকিনি’ কপ-৩১ সম্মেলন: জলবায়ু ন্যায্যতা ও অর্থায়নে বাংলাদেশের জোরালো প্রত্যাশা কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার: পুলিশ নাকের অস্ত্রোপচার নিয়ে রাখঢাক নয়, মজার ছলে যা বললেন জাহ্নবী নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত আজকের খেলা: মাঠে গড়াচ্ছে সিলেট ও রাওয়ালপিন্ডি টেস্ট জাতীয় বিপ্লব দিবসে অষ্টগ্রাম শীর্ষ নেতাদের অনুপস্থিতি, বিএনপির তৃণমূলে ক্ষোভ মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির ‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’ ৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম, স্বীকার করে বলছেন—‘স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকিনি’

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ বিষয়ে নিজের কর্মীদের কাছে পাঠানো এক ই–মেইলে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন। একই সঙ্গে হুয়াংকে ‘বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু’ করা হয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে এনভিডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়—চীনা গুপ্তচরবৃত্তির একটি পরিকল্পনার লক্ষ্যবস্তু ছিলেন জেনসেন হুয়াং। চীনা ব্যবসায়ী নারী অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, ওই পরিকল্পনার সমন্বয় করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি এনভিডিয়ার উন্নত এআই চিপ এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বেইজিংয়ের কাছে পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে।

চীনা নাগরিক অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের শীর্ষ নির্বাহী ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাকে চীনের গোয়েন্দা তৎপরতার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হিসেবে শনাক্ত করেছে।

কর্মীদের পাঠানো ইমেইলে হুয়াং স্বীকার করেন, নিজের পরিবার এবং কোম্পানির সব কর্মীর কাছে তার ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। ‘আমাদের কোম্পানির উদ্দেশে একটি বার্তা’ শিরোনামে ইমেইলটি পাঠানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে কর্মীদের উদ্দেশে পাঠানো হুয়াংয়ের ইমেইলটিতে লেখা ছিল, ‘আমার পরিবার এবং আপনাদের সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকিনি। আমার কর্মকাণ্ডে তিনি এবং আমাদের সন্তানেরা কষ্ট পেয়েছেন। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’

তিনি আরও লিখেন, ‘সারা জীবন আমার পরিবার আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছে। তাদের কাছে আমার সততা ও বিশ্বস্ততা প্রাপ্য ছিল। কিন্তু তার পরিবর্তে আমি তাদের হতাশ করেছি এবং আমাদের একসঙ্গে গড়ে তোলা জীবনকে ক্ষতিগ্রস্ত করেছি। আমি আমার কর্মকাণ্ড এবং এর ফলে সৃষ্ট কষ্টের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। এ জন্য যে সমালোচনার মুখোমুখি হতে হবে, সেটিও মেনে নিচ্ছি।’

এনভিডিয়ার সিইও আরও লিখেন, ‘আমার স্ত্রী ও পরিবারের উদ্দেশে বলছি, আমি তোমাদের ভালোবাসি। আমি জানি, ক্ষমা চাইলেই যা করেছি, তা আর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আশা করি, আমাদের পরিবার এই ক্ষত কাটিয়ে উঠতে পারবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমি আবার তোমাদের বিশ্বাস অর্জন করতে পারব।’

গতকাল রোববার প্রকাশিত এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, ‘সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে যে তথ্য উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে’ তারা একটি স্বাধীন তদন্ত শুরু করেছে।

পরিচালনা পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপনীয় তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার মতো তাদের কাছে আপাতত কোনো কারণ নেই। তবে তদন্তে এ-সংক্রান্ত সব ধরনের তথ্য ও উপাত্ত খতিয়ে দেখা হবে। বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে পরিচালনা পর্ষদ সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের ক্ষেত্রেও বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ।’

পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি কমিটি বাইরের একজন স্বাধীন আইনি পরামর্শকের সহায়তায় তদন্তের তদারকি করবে। এদিকে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াং এবং তার নেতৃত্বাধীন ব্যবস্থাপনা দলের প্রতি আস্থা প্রকাশ করেছে।

চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন অ্যালিস হুয়াং মেগাস্পিডের এক শীর্ষ নির্বাহী ছিলেন। কোম্পানিটির বিরুদ্ধে বাইডেন প্রশাসনের শেষ দিকে তদন্ত শুরু করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। অভিযোগ ছিল, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের কাছে এনভিডিয়ার এআই চিপ সরবরাহে সহায়তা করছে মেগাস্পিড।

এ বিষয়ে প্রথম খবর প্রকাশের পর জেনসেন হুয়াং বলেছিলেন, মেগাস্পিডের কর্মকর্তাদের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক যথাযথ ছিল। তিনি বলেন, ‘তাদের জিপিইউ কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, আমরা তা খতিয়ে দেখেছি এবং প্রতিটি জিপিইউর হিসাব রেখেছি। আমার মনে হয়, যুক্তরাষ্ট্র সরকারও একই কাজ করেছে।’

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার যোগাযোগও চীনা গ্রাহক ও ব্যবসায়িক কর্মকর্তাদের সঙ্গে সাধারণত যেভাবে যোগাযোগ করেন, তেমনই ছিল বলে দাবি করেন এনভিডিয়া প্রধান। তিনি জানান, অ্যালিস এখন আর মেগাস্পিডে কর্মরত নন। হুয়াং বলেন, ‘মেগাস্পিডের সঙ্গে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ ছিল মূলত কোম্পানিটিকে কেন্দ্র করে। সবকিছুই ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং অস্বাভাবিক কিছু ছিল না।’

এ ছাড়া অ্যালিস হুয়াংকে নিয়ে মার্কিন সরকারের সন্দেহের বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ