1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম, স্বীকার করে বলছেন—‘স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকিনি’ কপ-৩১ সম্মেলন: জলবায়ু ন্যায্যতা ও অর্থায়নে বাংলাদেশের জোরালো প্রত্যাশা কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার: পুলিশ নাকের অস্ত্রোপচার নিয়ে রাখঢাক নয়, মজার ছলে যা বললেন জাহ্নবী নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত আজকের খেলা: মাঠে গড়াচ্ছে সিলেট ও রাওয়ালপিন্ডি টেস্ট জাতীয় বিপ্লব দিবসে অষ্টগ্রাম শীর্ষ নেতাদের অনুপস্থিতি, বিএনপির তৃণমূলে ক্ষোভ মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির ‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’ ৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক

কপ-৩১ সম্মেলন: জলবায়ু ন্যায্যতা ও অর্থায়নে বাংলাদেশের জোরালো প্রত্যাশা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়ন এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা নিয়ে আজ তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)। আজ সোমবার ৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এবারের সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও দাবি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিতব্য সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, কার্বন নিঃসরণ হ্রাস, সবুজ প্রযুক্তির প্রসার এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব পদক্ষেপ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তুরস্ক সরকারের আমন্ত্রণে সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি দুটি পৃথক অধিবেশনে বক্তব্য দেবেন। এই ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণে বাংলাদেশের দাবি এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোর কাছ থেকে কার্যকর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা আদায়। বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করা, অনুদানভিত্তিক অর্থায়ন বৃদ্ধি এবং অভিযোজন তহবিল সম্প্রসারণের দাবি জানাবে বাংলাদেশ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণনির্ভরতা কমিয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, জীবিকা হারানো এবং অন্যান্য অ-অর্থনৈতিক ক্ষতির জন্যও ক্ষতিপূরণ দাবি করা হবে। কার্বন নিঃসরণ কমানো ও সবুজ প্রযুক্তিতে গুরুত্ব কপ৩১ সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো, মিথেন গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ এবং জ্বালানি সাশ্রয়ী অবকাঠামো গড়ে তোলা। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা এবং ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানোর লক্ষ্য নিয়েও আলোচনা হবে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। প্যারিস চুক্তির আওতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে উন্নত দেশগুলোর কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হবে। আগের সম্মেলনগুলোতে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়নি। ফলে এবারের সম্মেলনে কেবল আশ্বাস নয়, বরং সময়সীমা নির্ধারণ করে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত গ্রহণ জরুরি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান তুলে ধরবে প্রতিনিধিদল সম্মেলনে বাংলাদেশের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মতামতের ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের উদ্যোগে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং পৃথক একটি জুট প্যাভিলিয়ন স্থাপন করা হবে। এসব প্যাভিলিয়নের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং পাটভিত্তিক সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। এরদোয়ানের সঙ্গে দ্বিতীয়বার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে গিয়ে দুই নেতা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। জাতিসংঘ সদর দপ্তরের কাছে তুর্কি হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। আনতালিয়ায় এবারের বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে। সব মিলিয়ে কপ৩১ সম্মেলন বাংলাদেশের জন্য শুধু জলবায়ু কূটনীতির একটি আন্তর্জাতিক মঞ্চ নয়, বরং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, অনুদানভিত্তিক অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা আদায়ের গুরুত্বপূর্ণ সুযোগ। বিশ্বনেতারা যদি প্রতিশ্রুতির বাইরে গিয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করেন, তবেই জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ