কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে ৩০টির বেশি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট সেবা ব্যাহত হওয়ার ঘটনায় পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডকে (আইটিসিএল) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আর্থিক জরিমানা আরোপ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আইন লঙ্ঘনের প্রাথমিক তথ্য পাওয়ার পর গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইটিসিএলকে এ নোটিশ পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আইটিসিএলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ব্যাখ্যা দেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থার পূর্বানুমোদন ছাড়াই আইটিসিএল তাদের সিস্টেম স্থানান্তরের (মাইগ্রেশন) উদ্যোগ নেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট (পিএসএসডি) এ অনিয়ম শনাক্ত করেছে।
এ বিষয়ে জানতে আইটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুদ্দিন মুনিরের সঙ্গে একাধিকবার ফোন ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর পর্যন্ত কিউ-ক্যাশ নেটওয়ার্কের সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ৬ অক্টোবর রাত ১০টায় সেবা পুনরায় চালু হয়। এর আগে টানা ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ৩০টির বেশি ব্যাংকের কিউ-ক্যাশনির্ভর কার্ড, এটিএম, পিওএস, আন্তব্যাংক তহবিল স্থানান্তর, ই-কমার্স, বাংলা কিউআর এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা ব্যাহত হয়।
এতে গ্রাহকেরা নগদ অর্থ উত্তোলন ও জরুরি লেনদেনে ভোগান্তিতে পড়েন।
বর্তমানে কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পেমেন্ট সেবা সচল রয়েছে।
আইটিসিএলের কাছে বকেয়া অর্থ দাবি করেছিল কম্পাস প্লাস
আইটিসিএলের কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পাস প্লাসের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে সাপোর্ট সার্ভিস ফি পরিশোধ করেনি আইটিসিএল।
চলতি বছরের আগস্টে বিদেশি প্রতিষ্ঠান কম্পাস প্লাস ই-মেইলের মাধ্যমে জানায়, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৩টি ইনভয়েসের বিপরীতে সাপোর্ট সার্ভিস ফি বাবদ আইটিসিএলের কাছে তাদের মোট সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলার পাওনা রয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বকেয়া অর্থ পরিশোধ করা না হলে উভয় পক্ষের চুক্তির ৫.১ ধারা অনুযায়ী সাপোর্ট সার্ভিস স্থগিত করা হবে।
এর আগে জুনে কম্পাস প্লাস সফটওয়্যার লাইসেন্স ব্যবহারে অসংগতি এবং ডিস্ট্রিবিউটর চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে।
এসব অভিযোগের জবাব দেওয়া ও নিষ্পত্তির জন্য আইটিসিএলকে ৬০ দিন সময় দেওয়া হলেও প্রতিষ্ঠানটি সমস্যার সমাধান করেনি। এমনকি সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানটি সাপোর্ট সার্ভিস বন্ধ করে দিলে কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকিং সেবা সচল রাখতে বিকল্প কোনো ব্যবস্থাও নেয়নি।
বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক ও আইটিসিএলের একজন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, পরবর্তী সময়ে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে কম্পাস প্লাস দূর থেকে সফটওয়্যারটির লাইসেন্স স্থগিত করে। এতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যাংকগুলোর পেমেন্ট সেবা বিঘ্নিত হয়।
বকেয়া পরিশোধ করলেও দায় এড়াতে পারবে না আইটিসিএল
সেবা বিঘ্নিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন দল আইটিসিএলের প্রধান কার্যালয়ে বিশেষ পরিদর্শন চালায়।
বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক ও আইটিসিএলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা টিবিএসকে জানান, সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানটি লাইসেন্স স্থগিত করার পর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই নিজেদের সিস্টেম স্থানান্তরের উদ্যোগ নেয় আইটিসিএল।
এতে প্রতিষ্ঠানটি পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৮(৪) ধারার বিধান লঙ্ঘন করেছে। একই আইনের ৩৭(৫) ধারা অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ।
আইটিসিএলের কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত সফটওয়্যার সরবরাহকারী যুক্তরাজ্যভিত্তিক কম্পাস প্লাসের সঙ্গে আর্থিক বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
আইটিসিএলের ওই কর্মকর্তা বলেন, পরিদর্শনের পর বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় আইটিসিএল বিদেশি সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১ লাখ ৩৫ হাজার ডলার পরিশোধ করে। এর ফলে ৬ অক্টোবর রাতে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সেবা পুনরায় চালু হয়। পাশাপাশি বকেয়া অর্থের অবশিষ্ট অংশ কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি।
তিনি জানান, ২৯ অক্টোবর আরও ১ লাখ ১৮ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। এ ছাড়া ১৫ নভেম্বরের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৪৫৪ ডলার এবং ৩০ ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ডলার পরিশোধে সম্মত হয়েছে আইটিসিএল।
তবে বকেয়া অর্থ পরিশোধের পর সেবা পুনরায় চালু হলেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া সিস্টেম স্থানান্তরের উদ্যোগ নেওয়ার দায় থেকে আইটিসিএল অব্যাহতি পাবে না বলে প্রতিষ্ঠানটিকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ, এ ধরনের সিস্টেম স্থানান্তরের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.