ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার উপজেলা পরিষদের গেটের সামনের ঘটনা এটি। প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় হঠাৎ সড়কে একটি বিকট শব্দ শুনতে পান তিনি। পরে সেখানে গিয়ে জানতে পারেন যে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, কেউ তা দেখেনি। সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের একটি খবর তারা জানতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।