বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি 'উদ্যোগ'-এর আওতায় মানিকগঞ্জ জেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল ৮ নভেম্বর। তিন দিনব্যাপী বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বাছাই কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা মূল্যায়নকারী হিসেবে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
এ ছাড়া বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।
বাংলাদেশ ব্যাংকের 'উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি'-র লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের অর্থায়ন ও নীতিগত সহায়তা দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করা।
কর্মসূচিটির প্রথম পর্যায়ে আটটি জেলায় উদ্যোক্তা বাছাই কার্যক্রম নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার সব উপজেলার আবেদনকারী তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য নির্বাচিত করা হবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে আটটি জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর গত ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে কর্মসূচিটি নতুন ব্যবসা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক রূপান্তরে ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.