একসময় সারা বছর নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকতেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে এখন বছরের বড় একটি সময় যুক্তরাষ্ট্রে কাটে তাঁর। সেখানে থাকা অবস্থায় গান নিয়ে কাজ করার সুযোগও তৈরি হয়েছে। গত আগস্টে নিউইয়র্কে নিজের প্রথম একক সংগীতানুষ্ঠান করেছেন। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গান শোনাতে যাচ্ছেন তিনি।
আগামী ১৩ ডিসেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন অপূর্ব। গান ও গল্প নিয়ে প্রবাসী দর্শকদের সামনে হাজির হবেন তিনি।
নতুন এই আয়োজন নিয়ে এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’
এর আগে গত আগস্টে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠান ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’। প্রায় দুই ঘণ্টার সেই আয়োজনে গান ও গল্পে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।
নিউইয়র্কের প্রথম কনসার্টের পর যুক্তরাষ্ট্রের আরও ১২টি শহর থেকে গান করার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছিলেন অপূর্ব। তবে সব প্রস্তাবে একসঙ্গে সাড়া দিতে চান না তিনি। পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ধীরে ধীরে কনসার্টের পরিকল্পনা এগিয়ে নিতে চান। ফ্লোরিডার আয়োজন সেই পরিকল্পনারই পরবর্তী ধাপ।
যুক্তরাষ্ট্রে নিয়মিত যাতায়াত ও দীর্ঘ সময় অবস্থানের কারণে প্রবাসী দর্শকদের সঙ্গে গানের মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে অপূর্বর। শুধু যুক্তরাষ্ট্রে নয়, দেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে তাঁর।
এদিকে, গত অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দেশে অর্ধডজনের বেশি নাটকের শুটিং করেছেন অপূর্ব। অভিনয় থেকেও পুরোপুরি সরে যাচ্ছেন না তিনি। নাটকের পাশাপাশি একাধিক সিনেমা নিয়েও কথা চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই অভিনেতা।