চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ জানানোর জন্য বিসিবির কাছে এবার থাকছে আলাদা স্বাধীন কমিটি। পাঁচ সদস্যের এ কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। এ কমিটিতে রাখা হয়নি বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া একজন সাবেক ক্রিকেটারকে সদস্য হিসেবে যুক্ত করা হবে। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।
বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিতে ছিলেন রাশনা ইমাম। ওই সময় তিনি বোর্ডের নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেন।
নতুন কমিটির অন্যতম উদ্দেশ্য, অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব বা স্বার্থের সংঘাতের সুযোগ না রাখা। নারী ক্রিকেটাররা যেন ভয় বা দ্বিধা ছাড়াই তাঁদের অভিজ্ঞতা জানাতে পারেন, সে ব্যবস্থাই গড়ে তুলতে চায় বিসিবি।
বাংলাদেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য আগেও উঠেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এর আগে টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। ওই ঘটনার পর তদন্ত কমিটি গঠন করে বিসিবি।
তখন বোর্ড জানিয়েছিল, হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায় অনুসরণ করে অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা জোরদার করা হবে। সে সময় বিসিবির পরিচালক ও উইমেন্স উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে তদন্ত কমিটির নেতৃত্ব দেওয়া হয়।
অভিযোগ জানানোর স্বাধীন ব্যবস্থা তৈরির পাশাপাশি নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ চালুর দায়িত্বও দেওয়া হয়েছিল ওই কমিটিকে।