রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ওআইসি সদস্যদেশগুলোকে কার্যকরভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে গাম্বিয়ার করা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মামলার আইনি তহবিলে সহায়তা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত জীবন রক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে এসব আহ্বান জানানো হয়।
বক্তব্যে বলা হয়, সংঘাত, দখলদারত্ব, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা শান্তি ও মানবিক মর্যাদাকে ক্ষুণ্ন করে চলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসির সদস্যদেশগুলোর মধ্যে আরও বেশি সংহতি ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।