যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস এ রুটের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত থাকবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রেলওয়ের সংশ্লিষ্ট নথি থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রী চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ সময়ে রুটে চলাচলরত আন্তঃনগর ট্রেনগুলোতে নির্ধারিত ছক অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজনের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
নথিতে উল্লেখ করা হয়েছে, পারাবত এক্সপ্রেসে (ট্রেন নম্বর ৭০৯-৭১০) একটি এসি চেয়ার কোচ এবং জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) ও উপবন এক্সপ্রেসে (৭৪০) একটি করে শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, কালনী এক্সপ্রেসে (৭৭৩-৭৭৪) একটি শোভন চেয়ার কোচ, উপবন এক্সপ্রেস (৭৩৯) ও জয়ন্তিকা এক্সপ্রেসে (৭১৮) একটি করে এসি চেয়ার এবং একটি করে শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব করা হয়েছে।
রেলওয়ের নথিতে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত কোচগুলো সংযোজের পরিকল্পনা রয়েছে।
যাত্রী চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে ঢাকা-সিলেট রুটে ট্রেনের আসনসংখ্যা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে।