চিত্রনায়ক মরতুজা পলাশের গ্রেপ্তারের কারণে অনিশ্চয়তায় পড়েছে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গত ২৮ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। এর আগে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে ছিলেন তিনি। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির দল। সেদিনই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন পলাশ।
তবে তার গ্রেপ্তারের খবর এত দিন প্রকাশ্যে আসেনি। খোঁজ নিয়ে জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পলাশ কারাগারে থাকায় ‘শিকার’ সিনেমার বাকি শুটিং নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ এরই মধ্যে শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে এসব কাজ করার পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু নায়ক কারাগারে থাকায় আপাতত চূড়ান্ত শিডিউল করতে পারছেন না তিনি।