বিশ্বকাপের পর জাতীয় দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন স্কোয়াড ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মৌরিসিও পচেত্তিনো। চারটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান।
দলটিতে নতুন মুখ ১২ জন। এছাড়া ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় রয়েছেন ছয়জন। ফলে স্কোয়াডটির গড় বয়স ২২ বছর ৯ মাস।
মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন কাভান। তার বড় ভাই ২২ বছর বয়সী কুইন সুলিভানও একই ক্লাবে খেলেছেন এবং যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সুলিভান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। রোনান গত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নজর কাড়েন।
সুলিভান পরিবারের নানি সুলতানা আলম যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি।
কাভানকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালে মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তি করেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে মেজর লিগ সকারে অভিষেক করে রেকর্ড গড়েন এই মিডফিল্ডার। ১৮ বছর বয়স হলে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন।
চলতি মৌসুমেও ফিলাডেলফিয়ার হয়ে ভালো পারফর্ম করছেন কাভান। নিয়মিত মৌসুমে ২৩ ম্যাচে ছয় গোলের পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট।
এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। স্কোয়াডের ১৩ জনের এখনও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়নি।
সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।