1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, জিদান, শুকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

আসন্ন ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। ইংলিশ ক্লাব ফুটবলে খেলা ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ, মিডফিল্ডার জিদান ইউসুফ এবং জাপানে খেলা শুকি ইতোফুসাকে রেখেই স্কোয়াড সাজিয়েছেন কোচ।

শিরোনামের মূল আকর্ষণ তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে ঘিরে। ডুলির বিশ্বাস, দীর্ঘদিন ধরে চলা জাতীয় দলের গোলখরা ঘোচাতে বড় ভূমিকা রাখতে পারেন ইংল্যান্ডের এই ফুটবলার।

ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডুলি বলেন, ‘ছেলেটার (ফারহান) সবচেয়ে বড় গুণ হলো, ও গোল করতে জানে। এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। আমি ওকে গোলপোস্টের ঠিক সামনে দেখতে চাই—যেখানে সঠিক সময়ে তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগিয়ে দারুণ সব শট ও লক্ষ্যভেদ করতে পারবে। দুর্ভাগ্যবশত, আমাদের অনেক খেলোয়াড়ই এই কাজটা ঠিকঠাক করতে পারে না।’

বর্তমানে ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বোরেহাম উড ক্লাবে খেলছেন ফারহান। টুর্নামেন্টের পর্দা ওঠার আগেই ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

তবে তরুণ এই ফরোয়ার্ডকে নিয়ে উচ্ছ্বসিত হলেও তার ওপর বাড়তি চাপের বোঝা চাপাতে চান না ডুলি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাকে হামজা চৌধুরীর মতো কোনো অলৌকিক ত্রাণকর্তা হিসেবে দেখছেন না তিনি।

ডুলির ভাষ্য, ‘আমরা তাকে বিশাল কোনো চাপে রাখতে চাই না। তবে ও নিঃসন্দেহে একজন প্রতিভাবান খেলোয়াড়, যার স্কিল অসাধারণ। এখন পেশাদার ফুটবলের মূল মঞ্চে সেই দক্ষতার প্রমাণ দিতে হবে। সেটা করতে পারলে ও হবে আমাদের দলের অন্যতম বড় শক্তি।’

আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় পর্দা উঠবে আট দলের ফিফা আসিয়ান কাপের (প্রিমিয়ার ডিভিশন)। উদ্বোধনী দিনেই স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি হবে সিঙ্গাপুরের, আর তার আগে অতিথি দল বাংলাদেশ লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) ১১টি দেশের সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং—এই তিনটি অতিথি দল নিয়ে মোট ১৪টি দেশ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মূল প্রতিযোগিতার পাশাপাশি ছয়টি দল নিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে চ্যালেঞ্জ ডিভিশনের খেলা।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ—স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।বাংলাদেশ সময় আগামী ২৫ সেপ্টেম্বর দুপুর ৩টায় জার্কাতার ঐতিহাসিক গেলোর বুং কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভূঁইয়াদের অভিযান। এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১ অক্টোবর রাত সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে গেলোর বুং কার্নো স্টেডিয়ামে।অন্যদিকে ‘বি’ গ্রুপে শক্তিশালী থাইল্যান্ড ও ভিয়েতনামের সঙ্গে লড়াই করবে ফিলিপাইন ও পাকিস্তান। গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ভিয়েতনাম ২৬ সেপ্টেম্বর বান্দুংয়ে ফিলিপাইনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে।

প্রাথমিকভাবে ভারত ও চীনকে অতিথি দল হিসেবে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হলেও পরবর্তীতে তারা সরে দাঁড়ায়। জানা গেছে, ৩ অক্টোবর আসিয়ান কাপের ফাইনালের দিনই ব্রাজিলের বিরুদ্ধে একটি হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ খেলবে ভারতের মূল দল। তাই তারা একটি বিকল্প দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল, তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এতে রাজি হয়নি।

বাংলাদেশের চূড়ান্ত ২৩ সদস্যের দল:* গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ।* রক্ষণভাগ: জিদান অ্যালেক্সান্ডার ইউসুফ, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।* মধ্যমাঠ: এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, মো. মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত শোম।* আক্রমণভাগ: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ