পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। এ সময় তারা প্রতিরক্ষা, বিনিয়োগ, শিক্ষাসহ নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত এ সময় সহযোগিতা বৃদ্ধিতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, নতুন দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান ফ্রান্সের রাষ্ট্রদূত। তারা উভয়েই বাংলাদেশ-ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।