খুলনা মহানগরীর দৌলতপুর থানা সংলগ্ন কুলিবাগান মোড়ে সন্ত্রাসীদের গুলিতে জলিল মুন্সী (৩৫) নামের এক জুট প্রেস শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসার লেনদেন সংক্রান্ত বিরোধ কিংবা চাঁদাবাজির জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সী কুলিবাগান এলাকার বাসিন্দা। তিনি এর আগে স্থানীয় ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুলিবাগান মোড়ে অবস্থানকালে মোটরসাইকেলে করে আসা তিনজন সশস্ত্র সন্ত্রাসী জলিল মুন্সীকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। গুলি জলিলের বুক ও পিঠে লাগে। ঘটনার পরপরই সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সুদর্শন রায় হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় পুলিশের একটি টহল দল মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসীকে ধাওয়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ডিসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত জলিল জুট প্রেসের শ্রমিক ছিলেন। সম্প্রতি তাঁর কাছে কে বা কারা চাঁদা দাবি করেছিল বলেও তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত লেনদেন বা চাঁদাবাজির বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলেও জানান এই কর্মকর্তা।