1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ইয়ামালের ব্যালন ডি’অর জেতা উচিত: বার্সেলোনা কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

গতবার উসমান দেম্বেলের কাছে হেরে ব্যালন ডি’অরের লড়াইয়ে দ্বিতীয় হয়েছিলেন লামিন ইয়ামাল। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার মনোনয়ন পেয়েছেন ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটির জন্য। ক্লাবটির কোচ হান্সি ফ্লিক মনে করেন, তার শিষ্যের হাতেই ওঠা উচিত ট্রফিটি।

ব্যালন ডি’অরের জন্ম ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর হাত ধরে। ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে তারা গত মঙ্গলবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। গত মৌসুমের পারফরম্যান্সের (৩ আগস্ট, ২০২৫ থেকে ১৯ জুলাই, ২০২৬) ভিত্তিতে মনোনয়ন পেয়েছেন ফুটবলাররা। সেখানে অবধারিতভাবেই জায়গা করে নিয়েছেন ১৯ বছরের তরুণ ইয়ামাল।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৭ ম্যাচে ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট করেন ইয়ামাল। এর মধ্যে বার্সার জার্সিতে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট নিয়ে জেতেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। আর জাতীয় দলের স্পেনের পক্ষে ১২ ম্যাচে ১ গোল ও ৩ অ্যাসিস্টের পাশাপাশি স্বাদ নেন পরম আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপার।

নতুন মৌসুমের শুরুটাও দুর্দান্ত হয়েছে এই ভীষণ প্রতিভাবান ফুটবলারের। গতকাল বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফেইনুর্ডের বিপক্ষে বার্সেলোনার ৫-১ ব্যবধানের বড় জয়ে ফের জ্বলে ওঠেন তিনি। দুটি অ্যাসিস্টের সঙ্গে করেন একটি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৫ ম্যাচে ৫ গোল ও ২ অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে।

ম্যাচের পর জার্মান কোচ ফ্লিক জানান, এবার ইয়ামালেরই প্রাপ্য ব্যালন ডি’অর, ‘অবশ্যই সে আমার খেলোয়াড়, বার্সেলোনার একজন খেলোয়াড়। তার ব্যালন ডি’অর জেতা উচিত। আপনারা প্রতি ম্যাচেই দেখবেন, সে স্পেশাল। তার মতো আর কেউ নেই। আমি মনে করি, এটা তার প্রাপ্য।’

এবার ব্যক্তিগত পুরস্কারটি জয়ের দৌড়ে ইয়ামাল ছাড়াও প্রত্যাশিতভাবে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের মতো তারকারা। আরও আছেন গতবারের ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে ও ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি। দুই বছর পর লড়াইয়ে ফিরেছেন রেকর্ড আটবার সম্মাননাটি জেতা ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও।

ফেভারিট অবশ্য ভাবা হচ্ছে কেইনকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে তিনি ৬৫ ম্যাচে ৭৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেন। বায়ার্নের হয়ে বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠায় ছিল তার বড় অবদান।

প্যারিসের বদলে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের এবারের আয়োজন। এই পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে এতদিন নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে হয়েছে জমকালো অনুষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ