সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিষয়টি বিরোধী দলেরও বোঝা উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি।
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? ছয় মাসের মধ্যে সব কিছু হয়ে যাবে—এমন কথা বলার সুযোগ আছে? এটা বিরোধী দলেরও বোঝা উচিত।’
তিনি বলেন, ‘ছয় মাসের মাথায় তারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটো শোয়ের রাজনীতিও করি না।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব।
অনেক নেতা ছিলেন, অনেকে নিজেদের দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা দেওয়ার উদ্যোগ কেউ নেননি।’
খাল পুনঃখননের সুফল ইতিমধ্যে পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘খাল পুনঃখননের কী সুবিধা পাওয়া যায়, তা আমরা ইতিমধ্যে দেখছি এবং এর উপকারিতাও পাচ্ছি। তারেক রহমানের তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তা থেকে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়েছে এবং এরই মধ্যে তা শুরু হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ অনেকে।