ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২-র ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারিদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
টরোন্টোতে ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রোনালদো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইওস্কো গাভার্দিওলের শটে ক্রোয়েশিয়া সমতা ফিরিয়েছে বলে মনে হলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের সিদ্ধান্ত আসে এবং গোলটি বাতিল হয়।
সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার গোল বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে দালিচ বলেন, ‘আজকের রেফারিং খুবই বাজে ছিল। আমার মনে হয়েছে আমাদের আরও বেশ কিছু ফ্রি-কিক পাওয়া উচিত ছিল। কিন্তু দিনশেষে ক্রোয়েশিয়া হেরে গেছে। আমি কোনো অজুহাত খুঁজব না। এই ম্যাচটি আমরা আগেই জিতে নিতে পারতাম।’
ভিএআর নিয়ে অসন্তোষ প্রকাশ করে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ‘আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কীভাবে ফুটবল থেকে আবেগগুলোকে আক্ষরিক অর্থেই মেরে ফেলা হচ্ছে। সামগ্রিকভাবে এই সিদ্ধান্তগুলো খেলাটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং ফুটবল খেলার আসল আনন্দটাই কেড়ে নিচ্ছে।’ফুটবল খেলা
দালিচ আরও বলেন, ‘এটা বলছি না যে ভিএআর কখনো কখনো সাহায্য করে না; কিন্তু এটা আপনার ভেতরের আবেগ, আপনার অনুভূতি—সবকিছুকে পুরোপুরি মেরে ফেলে। মাঠের ওই মুহূর্তে আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, তার সবটাই ধূলিসাৎ হয়ে যায়। এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া সত্যিই খুব কঠিন।’
সোনালী প্রজন্মের বিদায় ঘটলেও ক্রোয়েশীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ২০১৭ সাল থেকে দলটির দায়িত্বে থাকা এই কোচ, ‘আমি ক্রোয়েশিয়া দলের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভীত নই। আমাদের অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে এবং তাদের কয়েকজন আজকেও নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে। এবার আমাদের নতুন এক শুরুর অপেক্ষা।’
নিজের কোচের দায়িত্বে থাকা না-থাকা নিয়ে দালিচ বলেন, ‘পরবর্তী বিশ্বকাপে কী হবে তা কেবল ঈশ্বরই জানেন, তবে দেশে ফিরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।’
এটি ছিল ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদরিচের শেষ বিশ্বকাপ ম্যাচ। বছরের পর বছর ধরে ক্রোয়েশীয় ফুটবলের হৃদস্পন্দন হয়ে থাকা এই মিডফিল্ডারের এমন বিদায় ছুঁয়ে গেছে দালিচকেও, ‘হ্যাঁ, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ ছিল। আর আমার ভীষণ খারাপ লাগছে যে যাত্রাটা এভাবে শেষ হলো। আমরা আসলে এক চমৎকার ও গৌরবময় অধ্যায়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি।’
পর্তুগালের বিপক্ষে হেরে ২০১৮ সালের রানার্স-আপ এবং ২০২২ সালের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়াকে এবার বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিতে হচ্ছে।