1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন নিরাপত্তা: গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার রিকেলটন-বাভুমার জুটিতে পঞ্চাশ পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছালো মার্কিন ডিএফসির যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা ম্যানিলায় ‘কোয়াড’ আলোচনার মাধ্যমে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

১৫ বছর আগে যেভাবে ভাইরাল হয়েছিল ‘কোলাভেরি ডি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বিনোদন ডেস্ক: ‘হোয়াই দিস কোলাভেরি ডি’—একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই শোনা যেত এই গান। তামিল ভাষা না বুঝলেও গানের সুর আর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ কথাটি গুনগুন করতেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছিল। ভাষার সব সীমানা পেরিয়ে গানটি ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তে। দেখতে দেখতে গানটি মুক্তির ১৫ বছর পেরিয়ে গেছে। ২০১১ সালের ১৬ নভেম্বর মুক্তি পাওয়া গানটি যেভাবে রাতারাতি ভাইরাল হয়েছিল, তার পেছনের গল্পটি বেশ চমকপ্রদ।

তামিল সিনেমা ‘থ্রি’-এর জন্য গানটি তৈরি করেছিলেন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ছবিটি পরিচালনা করেছিলেন ঐশ্বরিয়া আর ধানুশ। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অভিনেতা ধানুশ নিজে। তখন অনিরুদ্ধের বয়স ছিল মাত্র ২১ বছর। চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে এটিই ছিল তার জীবনের প্রথম কাজ।

গানটির জন্ম হয়েছিল একেবারে সাধারণ এক স্টুডিও সেশনে। অনিরুদ্ধের দাবি, গানটির মূল সুর তৈরি করতে তার সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিট। সুর শোনার পর ধানুশ নিজের মতো করে গুনগুন করে গাইতে শুরু করেন। সেখান থেকেই মূলত আসে ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ কথাটি। এরপর ধীরে ধীরে তৈরি হয় পুরো গান।

গানের কথা লিখতে খুব বেশি সময় নেননি ধানুশ। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মাত্র ছয় মিনিটে গানটির কথা লিখেছিলেন তিনি। তার মূল উদ্দেশ্য ছিল খুবই সহজ ও পরিচিত ইংরেজি ও তামিল শব্দ ব্যবহার করা, যাতে বিভিন্ন ভাষার শ্রোতারাও গানটির সঙ্গে সহজে নিজেদের মেলাতে পারেন। গানটিতে ইংরেজি শব্দের আধিক্য থাকলেও ধানুশ একে ‘ট্যাংলিশ’ বলতে চাননি। তার ভাষ্য ছিল, ইংরেজি শব্দ ব্যবহার করলেও গাওয়ার ধরনে তিনি পুরোপুরি তামিল সংস্কৃতির স্বাদ রেখেছিলেন।

ব্যর্থ প্রেমের হতাশা নিয়ে তৈরি গানটির কথায় ছিল এক অদ্ভুত সরলতা। ‘হোয়াইট স্কিন গার্ল’ কিংবা ‘ব্ল্যাক হার্ট’-এর মতো শব্দবন্ধ আর সরল সুর গানটিকে অন্য সব গান থেকে আলাদা করে তুলেছিল। পরে এমন ব্যর্থ প্রেমের গানগুলো ‘সুপ সং’ নামে পরিচিতি লাভ করে।

তবে গানটি শুরুতে এককভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশের কোনো পরিকল্পনা ছিল না। ধানুশের পরিচিত কেউ গানটির একটি অসম্পূর্ণ সংস্করণ ইন্টারনেটে আপলোড করে দেন। এরপর সেটি ঝড়ের গতিতে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে গানটি দ্রুত সম্পূর্ণ করার জন্য অনিরুদ্ধকে রাজি করান ধানুশ। শেষ পর্যন্ত ২০১১ সালের ১৬ নভেম্বর সনি মিউজিকের ইউটিউব চ্যানেل আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় গানটি।

মুক্তির পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলে। ফেসবুকের টাইমলাইন থেকে ইউটিউব—সবখানেই তখন ‘কোলাভেরি’ নিয়ে আলোচনা শুরু হয়। তামিল সিনেমার বাইরের আন্তর্জাতিক শ্রোতারাও গানটি শুনতে শুরু করেন এবং তৈরি হতে থাকে নানা কাভার, প্যারোডি ও নিজস্ব সংস্করণ।

গানটির অফিশিয়াল মিউজিক ভিডিওটিও ছিল অত্যন্ত সাদামাটা। বড় কোনো সেট বা জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে স্টুডিওর ভেতরে বন্ধুদের আড্ডা আর গান গাওয়ার দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছিল ভিডিওটিতে। ধানুশ মাইক্রোফোনে গাইছেন, অনিরুদ্ধ কি-বোর্ড বাজাচ্ছেন—এমনকি ভিডিওতে ঐশ্বরিয়া ও শ্রুতি হাসানকেও দেখা গিয়েছিল। পর্দায় সাবলীলভাবে গানের কথা ভেসে ওঠায় শ্রোতারাও সহজেই গানের সঙ্গে গলা মেলাতে পারতেন।

বলিউডেও গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় গানটির মৌলিকত্ব ও সুরের প্রশংসা করে ধানুশ ও ঐশ্বরিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন। যদিও গানের কথা, সুর ও গায়কির ধরন নিয়ে কিছু সমালোচনা করেছিলেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার, যা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছিল। তবে এসব সমালোচনা গানটির জনপ্রিয়তার জোয়ারে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি।

অনিরুদ্ধের সংগীতজীবনের শুরুতেই এমন অভাবনীয় সাফল্য ছিল এক বিরাট প্রাপ্তি। অন্যদিকে, ধানুশ অভিনয়ের পাশাপাশি দক্ষ গায়ক ও গীতিকার হিসেবেও নতুন পরিচিতি পান। সবচেয়ে মজার বিষয় হলো, ‘কোলাভেরি ডি’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও মূল সিনেমা ‘থ্রি’ বক্স অফিসে তেমন বড় কোনো সাফল্য পায়নি। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও এই একটিমাত্র গান আজও শ্রোতাদের মনে চিরজাগরূক হয়ে বেঁচে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ