জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মহানগর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমির নির্বাচিত হয়েছেন ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. ফখরুল ইসলাম। মহানগর সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। এছাড়া সহকারী সেক্রেটারি পদে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। গত শনিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে এ কমিটি ও পরিষদ গঠন করা হয়। রোববার দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের নতুন দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।শূরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনে দায়িত্ব কোনো পদপদবি নয়, বরং এটি একটি আমানত। এ আমানত যথাযথভাবে রক্ষা করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মহানগর নেতারা ছাড়াও নবগঠিত শূরা পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।