হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের দিন থেকেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উদ্বোধনের পরপরই টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে না। এ জন্য আরও ১৪ মাস সময় প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী। এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে নির্মিত হয়েছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এর আগে ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট ওপেনিং অনুষ্ঠিত হয়। তবে পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতায় এতদিন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয়েছে। টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বছরে ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। পাশাপাশি বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতাও। আধুনিক এ টার্মিনালে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক।