শ্রীলঙ্কা দলে আছে ১৯ প্রবাসী ফুটবলার, বাংলাদেশ দলে ১১।
শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ দেখছেন বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের খরা চলছে দীর্ঘদিন। বাংলাদেশের ২৩ বছরের, শ্রীলঙ্কার আরও বেশি, ৩১ বছরের। দুই দল ভিন্ন আবহ নিয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বুধবার। বাংলাদেশ ইতোমধ্যে উঠে গেছে সেমি-ফাইনালের মঞ্চে। শ্রীলঙ্কা ঝুলছে। এই ম্যাচে ফল নির্ধারণে দুই দলের প্রবাসীদের লড়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, মনে করেন বাংলাদেশ কোচ টমাস ডুলি।
১৯৯৫ সালে প্রথম এবং সবশেষ সাফ জেতা শ্রীলঙ্কার বর্তমান দলে প্রবাসী খেলোয়াড়ের সংখ্যা ১৯ জন! যদিও ভুটানের বিপক্ষে ম্যাচে তাদের সে দাপট প্রতিফলিত হয়নি। শুরুতে পিছিয়েও পড়েছিল তারা। পরে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসলেও নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। ভুটান ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে।
তাদের এই ড্রয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায় ভুটানকে ১-০ গোলে হারিয়ে আসা বাংলাদেশের। ১ করে পয়েন্ট ভুটান ও শ্রীলঙ্কার। দুই দলের ভাগ্য নির্ভর করছে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচের উপর।
ভুটানের বিপক্ষে দলের সেরা তারকা হামজা চৌধুরী খেলেননি। ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও ছিলেন না। তাদের অনুপস্থিতিতেই বাংলাদেশ ছড়ি ঘুরিয়েছিল ভুটানের উপর। শমিত সোম, বিশ্বনাথ ঘোষ একাধিক সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান বাড়তে পারত আরও।
হামজা-ফারহান দুজনে দলের সাথে যোগ দিয়েছেন সোমবার। হামজা সকালে ঢাকায় পৌঁছে দলের সাথে অনুশীলন সেরেছেন। ফ্লাইট বিলম্বে সন্ধ্যায় পৌঁছান ফারহান। শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে তিনি অনুশীলন শুরু করবেন মঙ্গলবার থেকে। এক দিন পর শ্রীলঙ্কা ম্যাচ। হামজা ও ফারহান যোগ দেওয়ায় বাংলাদেশ দলে এখন সব মিলিয়ে প্রবাসী ফুটবলারের সংখ্যা ১১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসের সাথে আলাপচারিতায় ডুলি জানালেন শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তার ভাবনা। স্থানীয় খেলোয়াড়দের প্রতি তার আস্থা থাকলেও, যুক্তরাষ্ট্রের এই কোচ নানা বাস্তবতা তুলে ধরে দেখিয়ে দিলেন প্রবাসে উন্নত পরিবেশ, অনুশীলন ও আর্থিক সুবিধার মধ্যে বেড়ে ওঠা ফুটবলারদের সামর্থ্য।
“অবশ্যই, প্রবাসী খেলোয়াড়রা স্থানীয় খেলোয়াড়দের চেয়ে ভালো। যদি তারা আসে এবং নিজেদের মেলে ধরে, তাহলে তারা খেলার গতিপ্রকৃতি কিছুটা বদলে দেবে। তাহলে কি খেলাটি আরও ভালো হবে? ৯৯ শতাংশ (ভালো হবে নিশ্চিত)। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রবাসীদের পারফরম্যান্স ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
“যদি কোনো খেলোয়াড় বাইরে গিয়ে বড় লিগে, আরও ভালো লিগে খেলে, সে যদি ফিরে আসে, তবে সে অবশ্যই ভালো। ফুটবল সম্পর্কে তার ভালো জ্ঞান আছে। পরিস্থিতি সম্পর্কে তার ভালো বোঝাপড়া রয়েছে। সে দ্রুত সিদ্ধান্ত নেয়। বলে তার স্পর্শ ভালো হয়। যদি তাদের তা না থাকত, তবে স্পষ্টতই তারা অন্য কোনো দেশে খেলত না।”
ইউরোপ, আমেরিকার মতো উন্নত আবহে, শৈশব-কৈশর থেকে বেড়ে ওঠাদের সাথে বাকিদের বাস্তবতার উদাহরণ দিতে গিয়ে ডুলি টানলেন ভিন্ন প্রসঙ্গও।
“আপনারা জানেন, পেশাদার ফুটবল কী? কীভাবে দেশের বাইরের খেলোয়াড়রা দেশের ভেতরের খেলোয়াড়দের চেয়ে ভালো হয়। এটি উন্নতির বিষয়। এটি তারা কীভাবে বেড়ে ওঠে, তার উপরও নির্ভর করে।
“তারা ছোট বেলা থেকে খেলা শুরু করে। যদি তারা অল্প বয়সে খেলা নাও শুরু করে, কিন্তু যখন শুরু করে, তারা হাজার গুণ বেশি খেলে। দেখুন, আপনি যদি সপ্তাহে একবার ৩০ মিনিটের জন্য পিয়ানো বাজান, আর সে যদি প্রতিদিন পাঁচ ঘণ্টা বাজায়, আপনার কি মনে হয় কে ভালো হবে? সে-ই ভালো হবে।”
স্থানীয় খেলোয়াড়দের সাথে প্রবাসীদের কোচিং ও অনান্য সুবিধার পার্থক্যও তুলে ধরলেন ডুলি। তবে ঢালাওভাবে প্রবাসীদের দলে ভেড়ানোর ব্যাপারেও আপত্তি বাংলাদেশ কোচের।
“আপনি যত বেশি খেলবেন, তত ভালো হয়ে উঠবেন… আপনি যখন অন্য কোনো দেশে বড় হবেন, তখন যত ভালো শিক্ষক পাবেন, যত ভালো কোচ পাবেন, আপনি তত ভালো খেলোয়াড় হবেন।
“একটি ফেডারেশন, বাইরের দেশ থেকে খেলোয়াড়দের আনার জন্য অর্থ ব্যয় করি, কেন? কারণ তারা আমাদের দেশের খেলোয়াড়দের চেয়ে ভালো। সুতরাং, এবং আপনি যদি ওই খেলোয়াড়দের আনার জন্য সমস্ত অর্থ ব্যয় করেন এবং তারা বাইরের (দেশের) খেলোয়াড়দের চেয়ে ভালো না হয়, তবে স্পষ্টতই সেই খেলোয়াড়দের আনা অর্থহীন।”
এই প্রমাণও মিলে যেতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পরই। কেননা, বাংলাদেশের তুলনায় এ মুহূর্তে তাদের দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা ৮ জন বেশি!
ইলন মাস্কের কর্মহীন সমৃদ্ধির স্বপ্ন ও বাস্তবতার টানাপোড়েন
তৌফিক ইমরোজ খালিদী: সংবাদ, সম্পাদনা ও সময়ের বাঁকবদল
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?
মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব