বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির ‘পুনরুত্থান বা প্রত্যাবর্তন হবে না’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আমরা সেই ধারা অব্যাহত রাখব। ইনশাল্লাহ, দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, সেই প্রত্যাশা আমাদের আছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা গণতান্ত্রিক আচরণ করব, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করব, সব সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করব।
“এর মধ্য দিয়ে এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না, উৎপত্তি হবে না। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না।”
দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা দেখছেন না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের প্রেক্ষাপটে বর্তমানে অনেকেই রাজনীতিতে অস্থিরতার কথা বলছেন। আমি কোনো অস্থিরতা দেখি না।
“রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যার মধ্য দিয়ে তারা পালিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তারা অপাঙ্ক্তেয়, অপ্রাসঙ্গিক।”
তিনি বলেন, “তারা হয়ত পুরনো দল হিসেবে নিজেদের নামকরণ করতে পারে। তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে এ দেশে তাদের লোকায়িত দল বিপদগ্রস্ত হয়েছে। কেউ কেউ হয়ত তাদের কথায়, কাজে বিভ্রান্ত হয়েছেন।”
সরকার ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, “আমরা অত্যন্ত ধৈর্যসহকারে গণতান্ত্রিকভাবে সরকার ও রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।
“এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে চূড়ান্ত ধৈর্য ধারণ করতে হয়েছে। আমরা কোনো সংঘাত চাইনি।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি দল বিএনপির আচরণ, আত্মত্যাগ ও ধৈর্য দেশের পাশাপাশি বিদেশেও প্রশংসিত হয়েছে।
সালাহউদ্দিন বলেন, “আমরা গণতান্ত্রিক আচরণ করব বলেই অঙ্গীকারবদ্ধ হয়েছি। জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি, যাতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় এবং সব রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়।”
আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করবে না জানিয়ে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার জন্য দায়ীদের প্রত্যেকের বিচার করা হবে। মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি সংগঠনেরও বিচার করা হবে।
তিনি বলেন, “সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে তদন্ত কার্যক্রম চলছে।
“সেই তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন করা হবে, অভিযোগপত্র দেওয়া হবে। আদালত আইনানুগভাবে বিষয়টি বিবেচনা করবে।”
আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুযায়ী আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, পৃথিবীর ইতিহাসে গণহত্যা চালিয়ে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করা ব্যক্তিরা আর রাজনীতিতে ফিরতে পারেননি। পতিত ফ্যাসিবাদী শক্তিও বাংলাদেশে ফিরতে পারবে না।
বিজয় মাসের দলীয় কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ডিসেম্বরের প্রথম দিন থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের সব কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর একটি বড় র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
“আমাদের নেতা দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করবেন।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দল ও সহযোগী সংগঠনের ডিসেম্বর মাসের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা
রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক