1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত মেঘনা নদীতে গুলিতে আক্তার হোসেন (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের ওরাকুল নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মেঘনায় মাছ ধরতে থাকা জেলেদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। তখন গুলিতে আক্তার হোসেন নিহত হন। জেলেদের দাবি, নৌ পুলিশের গুলিতে আক্তার নিহত হয়েছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ঘটনা স্বীকার করা হয়নি।

প্রত্যক্ষদর্শী জেলে মো. আব্দুল বেপারী জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে মেঘনা নদীর ওরাকুল নামক স্থানে ১৩ জন জেলে নিয়ে তাঁরা মাছ ধরতে নেমে পড়েন। হঠাৎ নৌ পুলিশের একটি বোট এসে তাঁদের ওপর গুলি চালায়। এ সময় সবাই শুয়ে পড়লেও গুলিতে আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এর কিছু দূরে গিয়ে ওই একই বাহিনীর ১০-১২ জন খলিল খাঁর নৌকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় চাঁদপুর পুলিশ। এ থেকে নিশ্চিত হয়েছেন যে চাঁদপুর নৌ পুলিশ তাঁদের বোটে গুলিবর্ষণ করেছে এবং আক্তার তাঁদের গুলিতেই নিহত হয়েছেন। তিনি আরও জানান, আক্তার উপজেলার মেমানিয়া ইউনিয়নের সুলতান হাওলাদারের ছেলে। তাঁর ২ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ভোররাতে মেঘনায় মা ইলিশ ধরতে থাকা জেলেদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। একপর্যায়ে নৌ পুলিশ গুলি চালালে আক্তার হাওলাদার নামক একজন মারা যান।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, নিহত আক্তার হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হচ্ছে। তাঁর বুকে গুলির দাগ আছে। তবে কোন পক্ষের গুলিতে তিনি নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি।

এ বিষয় জানতে হিজলা নৌ পুলিশ ও চাঁদপুর নৌ পুলিশকে ফোন দেওয়া হলেও তাঁরা মোবাইল ফোন রিসিভ করেননি।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন জানিয়েছেন, আজ ভোরে কয়েকজন জেলে তাঁকে জানান যে, মেঘনা নদীতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গিয়ে ওই জেলেকে উদ্ধার করেন। হিজলা পুলিশকে খবর দিলে তাঁরা গিয়ে আহতকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কারা গুলি করেছে, সে বিষয়টি এখনো জানা যায়নি।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান জানিয়েছেন, আজ সকালে তিনি মেঘনায় জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানতে পেরেছেন। মৎস্য অধিদপ্তরের কোনো অভিযানকারী দল নদীতে ছিল না। অন্য কোনো জেলার অভিযানকারী দল সেখানে অভিযান পরিচালনা করে থাকতে পারে।

তবে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, বরিশালের হিজলা তাঁদের সীমানাভুক্ত এলাকা নয়। তাই ওই এলাকায় তাঁদের দল অভিযানে যাওয়ার প্রশ্নই ওঠে না। কেউ নিহত হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

বরিশাল নৌ পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, তাঁরা শুনেছেন যে, গুলিতে একজন জেলে মারা গেছেন। কিন্তু বরিশাল নৌ পুলিশের এ ধরনের কোনো অভিযান ছিল না। চাঁদপুর নৌ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে কোনো মেসেজও তাঁর কাছে নেই।

এ ব্যাপারে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান বলেন, হিজলায় গুলিতে এক জেলের মৃত্যুর খবর পেয়েছেন। এ অভিযানে হিজলা মৎস্য অধিদপ্তর ছিল না। তবে কারা এর সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ