1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তি খাতের শেয়ার ঘুরে দাঁড়ানোয় এশিয়ার পুঁজিবাজারে ঊর্ধ্বগতি ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি ভারতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে বিতর্ক, যে প্রশ্ন তুললেন আনিস আলমগীর রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী ময়মনসিংহে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জার্মানি রূপসায় বিএনপি’র প্রস্তুতি সভায় এমপি আজিজুল বারী হেলাল জেমি ওভারটনের পাঁচ উইকেটে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন

প্রযুক্তি খাতের শেয়ার ঘুরে দাঁড়ানোয় এশিয়ার পুঁজিবাজারে ঊর্ধ্বগতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

সপ্তাহের শুরুতে প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের পর বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় শুক্রবার এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। আগের দিনের ইতিবাচক প্রবণতা ধরে রেখে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দামও বেড়েছে। খবর এএফপির।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের ছুটির কারণে ওয়াল স্ট্রিটের লেনদেন বন্ধ ছিল। ফলে সপ্তাহের শেষ দিকে বাজারকে প্রভাবিত করার মতো নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ঘটনা সামনে আসেনি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের দ্রুত সম্প্রসারণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ এখনো কাটেনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ দেশটির বড় বাণিজ্য অংশীদারদের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের যে প্রস্তাব দিয়েছেন, তার পাল্টা প্রতিক্রিয়া কী হতে পারে, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

শান্ত পরিবেশের মধ্যেও দক্ষিণ কোরিয়ার সিউল ও জাপানের টোকিওর পুঁজিবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। এসব দেশের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স, স্যামসাং ও কিওক্সিয়ার শেয়ারের চাহিদা বেড়েছে। সপ্তাহের শুরুতে বড় ধরনের দরপতনের সময় এসব প্রতিষ্ঠানের শেয়ারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিকে বড় ধরনের ওঠানামার পর তাইওয়ানের পুঁজিবাজারেও সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সামনে বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে। কারণ, এআই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের বিপরীতে কতটা মুনাফা পাওয়া যাবে, তা নিয়ে বিনিয়োগকারীরা নতুন করে হিসাব-নিকাশ করছেন।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তও বিনিয়োগকারীদের নজরে রয়েছে। সাধারণত ২৫ বেসিস পয়েন্ট হারে পরিবর্তনের পরিবর্তে এবার সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে— এমন জল্পনাও চলছে।

শুক্রবার হংকং, সাংহাই, সিডনি, জাকার্তা, সিঙ্গাপুর ও ম্যানিলার পুঁজিবাজারেও সূচকের উত্থান হয়েছে।

অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। মধ্যপন্থী একটি নতুন রাজনৈতিক দল এখন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর প্রভাবে ওয়েলিংটনের পুঁজিবাজারে সামান্য দরপতন হয়েছে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বিশ্লেষক স্কাই মাস্টার্স লিখেছেন, ‘নতুন কোনো তথ্য না আসায় বাজারের সামগ্রিক পরিস্থিতি এখনো নাজুক। তবে আপাতত বিনিয়োগকারীরা আবার শেয়ারবাজারে ফিরেছেন, যেখানে প্রযুক্তি খাতের শেয়ারগুলো নেতৃত্ব দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই ইতিবাচক মনোভাব সপ্তাহের শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয় কি না, সেটিই হবে বড় পরীক্ষা। বিশেষ করে থ্যাংকসগিভিং ছুটির পর যুক্তরাষ্ট্রের বাজার আবার খুললে পরিস্থিতি কী দাঁড়ায়, তা গুরুত্বপূর্ণ।’

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বৃহস্পতিবারের এক শতাংশের বেশি দরবৃদ্ধির পর শুক্রবারও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলা চালালে সেখানকার কয়েকটি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সপ্তাহের শুরুতে উপসাগরীয় অঞ্চলের আরেকটি জ্বালানি স্থাপনায় হামলার পর নতুন এ ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

ব্রিটিশ সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইম্পেরিয়াল ব্র্যান্ডস অধিগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রতিষ্ঠান আলট্রিয়ার সঙ্গে অংশীদারত্বের বিষয়টি বিবেচনা করছে— এমন খবর প্রকাশের পর জাপান টোব্যাকোর শেয়ারের দাম চার শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার লন্ডনের বাজারে ইম্পেরিয়াল ব্র্যান্ডসের শেয়ারের দামও ১৩ শতাংশ বেড়েছিল।

এদিকে রাশিয়া ও জাপানের মধ্যে সম্পর্কের অবনতির কারণে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে জাপান টোব্যাকো। গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি সাংবাদিককে গ্রেফতারের পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে রুশ সরকার দেশটিতে জাপান টোব্যাকোর সাতটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৮৯০ কোটি ডলারের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ