নিউজ ডেস্ক: পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকটির আর্থিক অবস্থা পুনরুদ্ধার ও জনগণের আস্থা ফেরাতে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের (বিআরডি) পরিচালক মাহমুদুন নবী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি সার্কুলেশন জারি করা হয়। সার্কুলেশনটি সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পদ্মা ব্যাংকের আর্থিক দুর্বলতা জমা হয়েছে। খেলাপি ঋণের চাপ, মূলধন ঘাটতি, তারল্য সংকট এবং সুশাসনের অভাব ব্যাংকটিকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের নিবিড় তদারকি, তারল্য সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও ব্যাংকটির আর্থিক অবস্থার টেকসই উন্নতি হয়নি।
এই অবস্থায় ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও কার্যকর হওয়ার সম্ভাবনা যথাযথভাবে পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। সেই সঙ্গে দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা সুদৃঢ় করার স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬ অনুযায়ী রেজল্যুশনের আওতায় বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রক্রিয়ায় ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক হতে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। বরং ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহক সেবা যথারীতি অব্যাহত থাকবে। বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা ও সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর। গৃহীত এই সংস্কারমূলক পদক্ষেপ পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে বলে বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে।
গত ১৭ নভেম্বর গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যাংক রেজল্যুশন আইনে বলা হয়েছে, কোনো ব্যাংক যখন স্বাভাবিক নিয়মে আর কার্যক্রম চালাতে পারে না বা তা হঠাৎ বন্ধ হয়ে গেলে পুরো অর্থনীতিতে ধস নামার আশঙ্কা থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থা রেজল্যুশন আইন প্রয়োগ করে। বাংলাদেশ ব্যাংক দেশের তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি ও তারল্য সংকট মোকাবিলায় এই আইন প্রয়োগ করে থাকে।