1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

নিকো পাজ: মেসির পর আর্জেন্টিনার নতুন জাদুকর?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

আর্জেন্টাইন ফুটবলে নতুন এক নক্ষত্রের উত্থান। নাম তার নিকো পাজ। দুর্দান্ত পারফরম্যান্সে ক্রমেই নিজেকে মেলে ধরছেন এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। তার খেলার ধরন, সৃজনশীলতা ও মাঠে প্রভাব বিস্তারের ক্ষমতা দেখে অনেকেই টানছেন লিওনেল মেসির সঙ্গে তুলনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী প্রজন্মের প্রধান কাণ্ডারি হওয়ার দৌড়েও বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি।

কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে গতকাল বুধবার আর্জেন্টিনার ৭-০ গোলের বিশাল জয় আরও একবার সামনে নিয়ে এসেছে পাজের অসাধারণ প্রতিভাকে। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়ে নিয়েছেন তিনি। শুধু গোল করাই নয়, পুরো আক্রমণভাগে তার বিচরণ, সতীর্থদের সঙ্গে বোঝাপড়া এবং মুহূর্তের মধ্যে ম্যাচের চিত্র বদলে দেওয়ার সামর্থ্যও বুঝিয়ে দিয়েছে— আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তিনি।

ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্ব ফুটবলে এখন আলোচিত নাম পাজ। জাতীয় দলেও তার ভূমিকা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বয়স মাত্র ২২, অথচ খেলার মধ্যে রয়েছে পরিণত ফুটবলারের ছাপ। সৃজনশীলতা, নিখুঁত টেকনিক, বুদ্ধিদীপ্ত মুভমেন্ট এবং গোল করার সহজাত দক্ষতা— সব মিলিয়ে অন্যতম আকর্ষণীয় তরুণ প্রতিভা হিসেবে ইউরোপিয়ান ফুটবলে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তবে আর্জেন্টিনা দলে জায়গা পাকা করার পথটা খুব একটা সহজ ছিল না পাজের জন্য। আক্রমণভাগের মেসির মতো একই পজিশনে খেলে থাকেন তিনি। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপে তেমন সুযোগ পাননি। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার পর আর কেবল জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। ওই ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি।

তবে বিশ্বকাপ-পরবর্তী পরিস্থিতিতে বদলে গেছে সমীকরণ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়া মেসির উত্তরসূরি খোঁজার আলোচনার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নেওয়া। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠার লক্ষ্যেই এগোচ্ছেন পাজ। নিজের সামর্থ্যের প্রমাণও দিয়ে চলেছেন নিয়মিত।

গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আলবিসেলেস্তেদের হয়ে তিন ম্যাচ খেলে সবকটিতে গোল পেয়েছিলেন পাজ। বলিভিয়ার বিপক্ষে লক্ষ্যভেদ করার পাশাপাশি অ্যাসিস্ট করেন তিনি। এরপর বুরকিনাফাসো ও বেনিনের বিপক্ষেও জালের দেখা পান। বিশেষ করে বেনিনের বিপক্ষে তার গোলটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ, মেসির বিদায়ী সেই ম্যাচে এই কিংবদন্তির বাড়িয়ে দেওয়া বল থেকেই গোল করেছিলেন পাজ।

এক মাসের ব্যবধানে কোস্টারিকার বিপক্ষে আরও একবার নিজের জাত চিনিয়েছেন পাজ। উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচে খোলসবন্দি থাকার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছেন দুর্দান্তভাবে। করেছেন জোড়া গোল, প্রমাণ করেছেন কেন তাকে ঘিরে এত প্রত্যাশা।

ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই প্রথমবার কোস্টারিকার জালে বল পাঠান পাজ। হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের সমন্বয়ে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ থেকে বল পেয়ে যান তিনি। এরপর ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন।

৩৮তম মিনিটে আসে আরও চমৎকার এক গোল। কোস্টারিকার তিন ডিফেন্ডারের ভিড় সামলে বলের নিয়ন্ত্রণ রেখে মুহূর্তের মধ্যেই জায়গা তৈরি করেন পাজ। এরপর ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরাল শটে বল পাঠিয়ে দেন গোলপোস্টের ওপরের কোণে। অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই যেন করার ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের।

দুটি গোলই ছিল দৃষ্টিনন্দন। তবে পাজের পারফরম্যান্সের বিশেষত্ব কেবল গোলের সংখ্যায় সীমাবদ্ধ ছিল না। মাঠে তার আত্মবিশ্বাসও বলে দিচ্ছিল, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার মতো সফল একটি দলের দায়িত্ব কাঁধে নিতে ক্রমেই প্রস্তুত হয়ে উঠছেন তিনি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগ লুকাননি পাজ। আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামাকে জীবনের সর্বোচ্চ সম্মান হিসেবেই দেখছেন তিনি। স্বদেশি সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘আমি ভীষণ খুশি। (জাতীয় পতাকার) এই রংগুলোকে প্রতিনিধিত্ব করতে পারা সবচেয়ে বড় সম্মানের। বিশেষ করে এমন দিনে, যখন এত মানুষ আমাদের সমর্থন করছে এবং আমরা সবার কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি।’

নিজের উন্নতি ও আত্মবিশ্বাস বাড়ার কথাও তুলে ধরেন তিনি, ‘ধীরে ধীরে আমি আরও ভালো অনুভব করছি এবং মাঠে খেলা উপভোগ করছি। আমাদের দলে অসাধারণ মানের ফুটবলার রয়েছে। এখানে খেলা দিন দিন সহজ হয়ে উঠছে। কারণ, ক্লাবে যেভাবে নিজের খেলা মেলে ধরতে পারি, এখানেও সেভাবেই পারছি।’

পাজের এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি। একসময় যে জার্সি গায়ে তুলে নিয়েছিলেন প্রয়াত দিয়েগো ম্যারাডোনা, পরে যার মর্যাদা আরও উঁচুতে নিয়ে গেছেন মেসি— সেই জার্সির পরবর্তী উত্তরসূরি কি হতে পারবেন পাজ?

প্রশ্নটা যতটা রোমাঞ্চকর, দায়িত্বটাও ততটাই বিশাল। তবে এসব আলোচনা নিয়ে আপাতত ভাবতে নারাজ এই তরুণ। তার কাছে এখন সবচেয়ে বড় বিষয় মাঠে নেমে ফুটবল উপভোগ করা, ‘সত্যি বলতে, ১০ নম্বর জার্সি নিয়ে আমি একদমই ভাবছি না। আমি শুধু এমন দিনগুলো উপভোগ করতে চাই, মাঠে আনন্দ নিয়ে খেলতে চাই। ফুটবল খেলতে পারাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এবং এত মানুষের ভালোবাসা পাওয়া সেই অনুভূতিকে আরও বিশেষ করে তোলে। আমি এই ভালোবাসার জন্যই খেলি। এভাবেই খেলে যেতে চাই।’

জিয়ানলুকা প্রেস্তিয়ানি, মাক্সিমো পেরোনে ও মাতিয়াস সুলের মতো আরও কয়েকজন তরুণ ফুটবলারের উত্থানে স্বাভাবিকভাবেই আশাবাদী হয়ে উঠেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে পাজের ব্যক্তিগত প্রতিভায় মুগ্ধ হলেও দলীয় সংহতির গুরুত্ব ভুলতে রাজি নন তিনি। তার মতে, দলের সম্মিলিত পারফরম্যান্সই সাফল্যের মূল চাবিকাঠি। টিওয়াইসিকে তিনি বলেন, ‘ছেলেরা খুব ভালো করছে। তবে তাদের পারফরম্যান্স সব সময় দলের ওপর নির্ভরশীল। একজন খেলোয়াড় একা এসে সবকিছু বাঁচাতে পারে না। আমরা আজ যে অবস্থানে আছি, তার কারণ এটিই (সম্মিলিত অবদান)।’

পাজের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো, জাতীয় দলে নিজের ক্রমবর্ধমান প্রভাবকে দীর্ঘমেয়াদি ধারাবাহিকতায় রূপ দেওয়া। তবে মেসির জায়গা নেওয়ার চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিন্ন এক বিষয়। তিনি আর্জেন্টিনায় যে মানদণ্ড রেখে গেছেন, সেটার হুবহু পুনরাবৃত্তি ঘটানো অসম্ভবেরই পর্যায়ে। কারণ, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারের শূন্যতা পূরণে কেবল একজন নয়, বরং পুরো দলকেই এগিয়ে আসতে হবে।

তাই পাজকে আরেকজন মেসি হয়ে উঠতে হবে না। তাকে শুধু নিজের মতো করে একজন সফল ‘নিকো পাজ’ হিসেবে গড়ে উঠতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ