1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়িয়েছে রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মধ্য দিয়ে আজ সোমবার থেকে চালু হয়েছে নতুন এই ট্রেনসেবা। এতে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জোড়ায়। নতুন ট্রেনটিতে আসন রয়েছে ৭০০’র বেশি। ফলে প্রতিদিন প্রায় দেড় হাজার অতিরিক্ত যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হয়েছে। আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় ঢাকা থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ছয়টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল নয়টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। দুই প্রান্তেই যাত্রার নির্ধারিত সময় সাড়ে ৯ ঘণ্টা। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার পথে ট্রেনটি বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে। নতুন রুট চালুর কারণে মহানগর এক্সপ্রেসের কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ট্রেনটিতে একদিকে ৭৩৬টি এবং অন্যদিকে ৭০৬টি আসন থাকবে বলে জানিয়েছে রেলওয়ে। আগের নির্ধারিত ভাড়ার হারেই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। প্রতি রবিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। ট্রেনের রেক রাখা, পানি সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হবে কক্সবাজারে। এত দিন ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করত। নতুন ট্রেন চালুর ফলে এ রুটে যাত্রীদের জন্য রেলসেবার পরিসর বাড়ল। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীরা এখন সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। রেলওয়ে বলছে, কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা বিবেচনায় মহানগর এক্সপ্রেসের গন্তব্য সম্প্রসারণ করা হয়েছে। আন্তনগর রেলসেবা বাড়ানোর সরকারি পরিকল্পনার অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ