1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে অধিনায়কত্বের অভিষেক ঘটিয়ে এই সংস্করণে বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ইন্দোরের হলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে বিহারের অধিনায়ক হিসেবে টস করতে নামেন সূর্যবংশী। যদিও ব্যাট হাতে সেদিন খুব বেশি কিছু করতে পারেননি তিনি। মাত্র ১৮ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। তবে মাঠে নামার আগেই টসের মাধ্যমে নিজের নাম তুলে ফেলেন ইতিহাসের পাতায়।

এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। ১৭ বছর ৩১১ দিন বয়সে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করলেন সূর্যবংশী।

গত শুক্রবার ১৭ সদস্যের দল ঘোষণা করে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)। প্রথম দুই ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় সূর্যবংশীকে। সহ-অধিনায়ক করা হয় সুরাজ কাশ্যপকে। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলতে বিহারের দল ছাড়বেন ১৫ বছর বয়সী এই ব্যাটিং প্রতিভা।

অধিনায়ক হিসেবে অবশ্য এটাই সূর্যবংশীর প্রথম অভিজ্ঞতা নয়। ২০২৬-২৭ মৌসুমের দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত অধিনায়ক ইশান কিষাণের অনুপস্থিতিতে সেন্ট্রাল জোনের বিপক্ষে একপর্যায়ে নেতৃত্বও দিতে হয় তাকে। সেই ম্যাচে অধিনায়কত্ব করে প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছিলেন সূর্যবংশী।

বিহারের নেতৃত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সূর্যবংশী বলেন, ‘বিহারকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন সত্যি হলো। এই সুযোগ পেয়ে আমি খুব কৃতজ্ঞ।’

জাতীয় দলের জার্সিতেও ইতোমধ্যে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়েছে এই তরুণের। নিউজিল্যান্ড সফরে দুটি ম্যাচ খেলে করেছেন ৪৯ রান। এ ছাড়া ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও একাধিক রেকর্ড গড়েছেন তিনি।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন সূর্যবংশী। মহারাষ্ট্রের বিপক্ষে মাত্র ৫৮ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। অন্যদিকে, ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েন এই বিস্ময়বালক।

ব্যাট হাতে ১৮ রানের ইনিংস দিয়ে দিন শেষ হলেও অধিনায়কত্বের অভিষেকেই বিশ্বরেকর্ড গড়ে আবারও আলোচনায় উঠে এলেন বৈভব সূর্যবংশী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ