খুলনা নগরের আরও দুটি স্থানে গুলির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
খুলনা নগরে চাঁদা দাবিতে বন্ধ হওয়া রেস্তোরাঁ পুলিশ পাহারায় খোলার কয়েক ঘণ্টার মধ্যে গুলির ঘটনা ঘটেছে। একই দিন নগরের আরও দুটি স্থানে গুলি ছোড়ার খবর জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলা ৩টা ১১ মিনিটে নগরের মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে বলে জানান সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম।
রেস্টুরেন্টের কর্মচারীর বরাতে পুলিশ জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই হানাজালা পরিচয়ে একজন ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। মালিকপক্ষ রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা করেছিল। তবে সোমবার রাতে আবারও ফোন করে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে রাতে রেস্টুরেন্টটি বন্ধ করে দেন মালিকপক্ষ।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ সেখানে যায়। তারা নিরাপত্তার আশ্বাস দেয় এবং একটি টহল গাড়ি রাখে। এরপর রেস্টুরেন্টটি আবার চালু করা হয়।
কর্মচারীরা জানান, বিকাল ৩টার দিকে পুলিশ সদস্যরা সেখানে খাবার খেতে গেলে মোটরসাইকেলে আসা দুইজন রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। পরে আবারও রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।
ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে একই দিন নগরের লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনা ঘটে।
দুপুর আড়াইটার দিকে লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ আহত হননি।
টুটুলের এক স্বজন বলেন, কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। বিষয়টি গুরুত্ব না দেওয়ায় মঙ্গলবার তার শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। কেউ গুলির ঘটনা দেখেছেন বলেও জানা যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
এর আগে মঙ্গলবার সকালে নগরের সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি রক্ষা পান।
সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
খুলনা জেলা ও নগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের সাড়ে ১০ মাসে জেলা ও নগরে ৭৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন প্রায় ১০০ জন। চাঁদা দাবিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
গত ২২ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এক মাসে অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে নিহত হয়েছেন নয় জন।
নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে
চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১
ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ
দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে