1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

শ্রমিক বিক্ষোভ ও আন্দোলনের মুখে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকার অন্তত ১০০টি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দিনভর উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলে পুনরায় যান চলাচল শুরু হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

রোববার (১ নভেম্বর) গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রমিক আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জেলা ও মহানগরের প্রায় ১০০ কারখানায় আজকের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, মহানগর পুলিশ, শিল্প পুলিশ এবং বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সমন্বয়ে গঠিত যৌথ দল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন।

পরবর্তীতে দীর্ঘ প্রচেষ্টা ও শ্রমিকদের সাথে ফলপ্রসূ আলোচনার পর বেলা তিনটার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। এরপরই গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয় এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

এদিকে আন্দোলন চলাকালে বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, পল্লীবিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংক এবং বিভিন্ন পোশাক কারখানার ফটকে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এছাড়া মৌচাক কাটার এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। অন্যদিকে, কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার পাশাপাশি আনসার অ্যাকাডেমির সামনে পুলিশের একটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট স্থাপনা ও যানবাহনের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, 'বিক্ষোভ চলাকালে পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কারখানার গোডাউনসহ মোট তিনটি স্থানে আগুন ধরিয়ে দিয়েছিল শ্রমিকেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও সড়কে দীর্ঘ অবরোধ থাকায় তাদের পৌঁছাতে বিলম্ব হয়।'

তিনি আরও বলেন, 'পরিস্থিতি বিবেচনায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়। পরে পুলিশের সহায়তায় মহাসড়কের উল্টো পথ ব্যবহার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।'

এর আগে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকা ও এর আশপাশে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। রোববার সকাল থেকে গাজীপুর, ঢাকার মিরপুর এবং আশুলিয়ার প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।

সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আন্দোলনকারীদের একাংশ একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেখানে দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান বলেন, 'আমরা শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমস্যার সমাধানের চেষ্টা করছি। তবে দাবি আদায়ের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।'

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শিল্পাঞ্চল গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকেরা। এর অংশ হিসেবে আজ সকালেও শ্রমিকেরা প্রথমে নিজ নিজ কারখানায় প্রবেশ করেন।

তবে কিছুক্ষণ পরই কাজ বন্ধ করে তারা বাইরে বেরিয়ে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে পড়েন। লাঠিসোঁটা হাতে হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নেওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়; এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকার কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে দফায় দফায় বিক্ষোভ করছেন। সরকার শ্রমিকদের বেতন পর্যালোচনায় নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেও অনেক কারখানায় অসন্তোষ ও আন্দোলন থামেনি।

এর আগে গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন শ্রমিকেরা। রাতে তারা অবরোধ তুলে নিলেও আজ সকাল থেকে পুনরায় সড়কে অবস্থান নেন

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ