খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার সরকার (৫৭) ও তার স্ত্রী হান্না সরকার (৪৫)। এ সময় বাসের ধাক্কায় বাড়িরর সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডুমুরিয়া কলেজের ছাত্রী তমা রাহা (১৮) আহত হয়েছেন।
খর্ণিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, বিকাল পৌনে ৪টার দিকে মোংলা থেকে সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়া মোটরসাইকেলকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটারসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী স্বপন কুমার সরকার ও তার স্ত্রী হান্না সরকার এবং বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত স্বপন কুমার সরকার ও তার স্ত্রী হান্না সরকারকে মৃত ঘোষণা করেন।
নিহত স্বপন সরকার মোংলা একটি ক্রিশ্চিয়ান চার্চের পালক ও তার স্ত্রী চার্চের শিক্ষিকা ছিলেন।
খর্ণিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার বললেন, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাস ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে রয়েছে।