যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে দলটির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) হামলার অভিযোগ উঠেছে।
হামলায় অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ বলেন, 'লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত।'
তিনি বলেন, 'দুঃখজনকভাবে অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।'
হামলার নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক জানান, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন।
'তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে,' বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্টরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।'
হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে আরও বলা হয়, 'এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে শেষ হয়। নাহিদ ইসলামের প্রস্থানের পর অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ সময় এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন।'