সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে নির্ধারণের বিষয়ে চলতি সপ্তাহে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এ সপ্তাহের একটা দিন থেকে আমরা আলাপ-আলোচনা করব। তারা (সহকারী শিক্ষক) একটা গ্যাপের কথা বলছেন, সেই গ্যাপটা থাকার কথা নয়। গ্যাপ যদি থাকে, তা দূর করা সম্ভব কি না -সে বিষয়ে আলোচনা করেই ঠিক করা হবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসণের দাবিতে গত ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে বসেন হাজার হাজার সহকারী শিক্ষক। তাদের দাবি যৌক্তিক হলে আলোচনার মাধ্যমে তা পূরণে পদক্ষেপ নেয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে তৃতীয় দিনের মাথায় (সোমবার) অনশন কর্মসূচি স্থগিত করেন সহকারী শিক্ষকরা।