রাজধানীর উত্তরা থেকে ইলেক্ট্রনিক মানি ট্রান্সফারের নামে বিদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে মিঠুন (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৫০টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ওই যুবককে উত্তরা থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, মিঠুন বিদেশ থেকে পাইওনিয়রসহ বিভিন্ন অনলাইন মানি ট্রান্সফারের কার্ড নিয়ে আসত। পরে এগুলোর মাধ্যমে সে বিদেশে অর্থ পাচার করত।
মেজর ইশতিয়াক আহমেদ বলেন, মিঠুনের পাচারের প্রক্রিয়াটা প্রায় হুণ্ডির মতো। কার্ডে বিদেশ থেকে মুদ্রা জমা হলে বাংলাদেশের গ্রাহকদের টাকা দিত সে। আবার কারও বিদেশে কোনো লেনদেন দরকার হলে তা করে দিত মিঠুন।