চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি দম্পতি কামাল হোসেন ও জুবাইদা ইয়াসমিন এবং তাদের শিশুসন্তানের মরদেহ দাফন করা হয়েছে।
পরিবারের সদস্যরা মরদেহ নিতে না অস্বীকৃতি জানানোই সোমবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার চৈতন্যগলি কবরস্থানে তিনজনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, তিনজনের মরদেহ পরিবার নেবে না বলে জানায়। এরপর মিরদেহ তিনটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তারা বেওয়ারিশ হিসেবে মরদেহ তিনটি দাফন করেছে।
উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় নামক বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন। তাদের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিনও ছিল। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।