হজ, মহানবী সা. ও তাবলিগ জামাত সম্পর্কে কটূক্তির পর মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কৃ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে বিমানবন্দরে কেন গ্রেফতার করা হয়নি এ সম্পর্ক ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সংসদ সদস্য পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় তাকে গ্রেফতারে কিছুটা জটিলতা রয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “তাকে গ্রেপ্তারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে।’ তবে কবে নাগাদ তাকে গ্রেফতার করা হবে এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই দাবি করে আসাদুজ্জামান খান বলেন, “তাকে গ্রেফতারে আইনি জটিলতা আছে। এরচেয়ে বেশি আমি জানি না।”
বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে রোববার রাত ৮টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন লতিফ সিদ্দিকী। কিন্তু কোনো নির্দেশ না থাকায় বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেফতার না করায় ক্ষোভে ফুঁসছে ইসলামি দলগুলো। বুধবারের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট।