সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে স্পিকারের অনুমতির প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুধুমাত্র সংসদ লবি, গ্যালারি ও চেম্বার থেকে কোন সংসদ সদস্যকে গ্রেফতার করার ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়। এছাড়া কোনো অনুমতি লাগে না। আজ সোমবার সংসদ অধিবেশন শুরুর আগে বিকেল পৌনে ৪টার দিকে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইনি জটিলতার কারণেই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে সত্য, তেমনি তিনি এখনো একজন সংসদ সদস্য সেটিও সত্য। স্পিকারের অনুমতি ছাড়া একজন সাংসদকে গ্রেফতার করা যায় না।যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরুপ মন্তব্য করে মন্ত্রীত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মন্তব্য করার পর থেকে দেশের বাইরে অবস্থান করছিলেন তিনি। রোববার রাতে লতিফ সিদ্দিকী দেশে ফেরেন। কিন্তু বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়নি।