গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মেকাইল ইসলাম (২৫), রিয়াদ শেখ (১৮), জিহাদ তালুকদার (১৮), দিনু ইসলাম (১৭), আরমান শেখ (১৯), রিয়াজ শেখ (২৫), কাওসার তাজ (৪০), সাদেক মোল্লা (২৩) ও রিফাত তাজ (১৫)। তাদের মধ্যে গুরুতর আহত মেকাইল শেখ ও রিফাত তাজকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দ্রা ও রাধাগঞ্জ গ্রামের যুবকরা ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। আজ চৌরখুলী একাদশ ও উত্তরপাড়া একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা চলছিল। খেলার একপর্যায়ে উত্তরপাড়া একাদশের এক খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দেখান। এ নিয়ে উত্তরপাড়া একাদশের খেলোয়াড়দের সঙ্গে রেফারি ও কমিটির লোকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আরও পড়ুন বাস ট্রেন লঞ্চ রিকশা— সব কটিতেই উঁচু পাদানিতে অসহায় প্রবীণরা ০১ নভেম্বর ২০২৬ উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম বলেন, খেলার মধ্যে চৌরখুলী একাদশের এক খেলোয়াড় তাদের দলের একজনকে ঘুসি ও লাথি মারেন। এর প্রতিবাদ করলে কমিটির লোকজন তাদের ওপর হামলা চালান। এতে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মান্দ্রা-রাধাগঞ্জ টুর্নামেন্টের সভাপতি দুলাল শেখ। তিনি বলেছেন, তারা কাউকে মারধর করেননি। খেলা দেখতে আসা সমর্থকরা তাদের মারধর করেছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।