কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলাগুলোতে দিনভর উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করেছে। পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ ও রক্তক্ষয়ী সংঘর্ষ এবং দুজন নিহত হলেও ফরিদপুরের মহাসড়কগুলো কার্যত বিএনপির নেতাকর্মীদের দখলে ও নিয়ন্ত্রণে রয়েছে।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউন সফল করতে এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আজ রোববার (২৯ নভেম্বর) ভোর থেকেই গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন স্থানে তৎপর হয়ে ওঠে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ, মোল্লাহাট ও টেকেরহাট এলাকায় মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করায় গোপালগঞ্জ-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, আজ ভোর ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা (নাওডোবা) ও মাদারীপুরের শিবচর সীমানায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত অবরোধের চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা নামে দুজন নিহত হন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় অন্তত ৩০টি যানবাহনে।
নিহত নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন স্থানীয়রা।
অপরদিকে ইব্রাহিম শরীয়তপুর সদরের সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপাহীর ছেলে। তিনি এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
এদিকে পার্শ্ববর্তী তিন জেলায় সহিংস পরিস্থিতির বিপরীতে ফরিদপুরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নাশকতা ও অবরোধ ঠেকাতে গতকাল শনিবার রাতভর এবং আজ সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গা ইন্টারচেঞ্জ, ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাঠিসোঁটা ও ঢাল-সড়কি হাতে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া ফরিদপুর জেলা বিএনপির নেতারা দলের অন্যান্য নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নাশকতা ও অবরোধের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ফরিদপুরের সড়কে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেননি। তবে নিরাপত্তার স্বার্থে ফরিদপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া সীমিত পরিসরে ঢাকা থেকে ফরিদপুর হয়ে অন্যান্য গন্তব্যের কিছু বাস চলতে দেখা গেছে।
এদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭ প্লাটুন বিজিবি, ৭ প্লাটুন আনসার এবং প্রায় ১ হাজার ৩০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান গফুর বলেন, আজ সারাদিন ফরিদপুরের পরিস্থিতি শান্ত ছিল। আমাদের সর্বোচ্চ নজর রয়েছে ভাঙ্গা গোলচত্বর এলাকায়।
তিনি জানান, ফরিদপুরে বিজিবির সাত প্লাটুন ও আনসারের সাত প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রায় ১ হাজার ৩০০ পুলিশ সদস্য পোশাকে এবং ক্ষেত্রবিশেষে সাদা পোশাকে কাজ করছেন।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.