শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে বলে সম্প্রতি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ করে এমন কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরে উল্লেখযোগ্য পরিমাণে ক্রয়াদেশ অন্য দেশে চলে যায়নি।
আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিপুল পরিমাণ ক্রয়াদেশ প্রতিবেশী ভারতে চলে যাওয়ার কথা বলা হলেও এসব দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।
তবে বাংলাদেশ থেকে বছরে প্রায় ১০০ কোটি ডলারের পোশাক কেনে যুক্তরাষ্ট্রের এমন একটি বড় ব্র্যান্ডের ঢাকা কার্যালয়ের প্রধান নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সতর্কসংকেত দেওয়ার বা কিছু ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ঠিক আগের পর্যায়ে রয়েছি।"
"শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে আমরা কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে পারি," বলেন তিনি।
এদিকে এসব আলোচনার মধ্যেই গত সপ্তাহে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বিজিএমইএর নেতারা টিবিএসকে জানিয়েছেন, একসময় শ্রমিক অসন্তোষের কারণে পাঁচ শতাধিক কারখানা বন্ধ থাকলেও এখন সে সংখ্যা প্রায় একশোতে নেমে এসেছে।
বিজিএমইএ সভাপতিও আশা করছেন, আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও শান্ত হয়ে আসবে।
পোশাকশিল্পসংশ্লিষ্ট একজন জানান, শ্রমিক অসন্তোষের কারণে ঢাকা ও গাজীপুরে বন্ধ হওয়া অনেক কারখানা তাদের কিছু ক্রয়াদেশ সাবকন্ট্রাক্টের মাধ্যমে চট্টগ্রামের কারখানাগুলোকে দিয়েছে। সেখানে এখন শ্রমিক অসন্তোষ নেই। পোশাকশিল্পে সাবকন্ট্রাক্ট গ্রহণযোগ্য চর্চা না হলেও পরিস্থিতির কারণে কারখানাগুলো তা করতে বাধ্য হচ্ছে বলে জানান তিনি।
রপ্তানিকারকদের বরাত দিয়ে গত ২৭ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও জারার মতো প্রতিষ্ঠানগুলো ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশের বেশির ভাগই ভারতে সরিয়ে নিয়েছে।
তবে এ তথ্যের যথার্থতা নেই বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
যদিও সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে।
যোগাযোগ করা হলে বিজিএমইএ সভাপতি টিবিএসকে বলেন, "ক্রয়াদেশ সরেছে মানেই এমন নয় যে তা অন্য দেশে চলে গেছে। হতে পারে, অসন্তোষপ্রবণ এলাকার কারখানাগুলোর ক্রয়াদেশ কমিয়ে দেশের মধ্যেই শান্ত এলাকার কারখানাগুলোতে ক্রয়াদেশ বাড়ানো হয়েছে।"
তিনি বলেন, "গাজীপুর ও সাভারের দুই থেকে তিনশো কারখানা মূলত সমস্যায় ছিল। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ঢাকার আশপাশের এলাকা ও অন্যান্য এলাকা শান্ত ছিল, যেখানে হয়তো ক্রয়াদেশ গেছে।"
তিনি আরও বলেন, "হতে পারে, অসন্তোষ থাকা এলাকার কারখানাগুলোর ক্রয়াদেশ ৫ শতাংশ কমিয়ে অন্য এলাকায় নেওয়া হয়েছে। তাতে দেশের ক্রয়াদেশ কমবে না।"
তবে বিজিএমইএ কেন ক্রয়াদেশ দেশের বাইরে চলে যাওয়ার কথা বলেছে, তার ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, "আমরা যখন তথ্য সংগ্রহ করেছি, তখন তারা ক্রয়াদেশ চলে যাওয়ার তথ্য দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ক্রয়াদেশ দেশের বাইরে গেছে।"
দেশের মধ্যেই অন্য কারখানায় ক্রয়াদেশ যাওয়ার সম্ভাবনা বেশি উল্লেখ করে তিনি বলেন, "চাইলেই একই দামে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা ভারতে ক্রয়াদেশ নিয়ে যাওয়া সহজ নয়।"
দেশের শীর্ষস্থানীয় একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "ভবিষ্যতে কী করবে জানি না। তবে আমাদের একটি ক্রয়াদেশও এখনো কমায়নি।"
প্রতিষ্ঠানটির মোট রপ্তানির অর্ধেকের বেশি যায় ইউরোপীয় ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের কাছে। গ্রুপটির পাঁচটি কারখানার একটি গাজীপুরে, বাকি চারটি সাভারে। শ্রমিক অসন্তোষপ্রবণ এসব এলাকার কারখানাগুলো সাম্প্রতিক অসন্তোষের কারণে কিছু সময় বন্ধও রাখতে হয়েছিল।
এমন কয়েকটি কারখানার তথ্যও পাওয়া গেছে, যাদের ক্রয়াদেশ কমেনি, বরং বাড়ছে।
দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান টিম গ্রুপ বছরে ৩০ কোটি ডলারের বেশি মূল্যের পোশাক রপ্তানি করে। আগামী বছর গ্রুপটির ব্যবসা প্রায় ৩ কোটি ডলার বাড়তে যাচ্ছে বলে টিবিএসকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম বিভাগের প্রধান মেহেদী আসিফ।
তিনি বলেন, "আমরা এইচঅ্যান্ডএম বা মার্কস অ্যান্ড স্পেন্সারের সরবরাহকারী নই। তবে ইন্ডিটেক্সের ব্র্যান্ডগুলোর কাছে কিছু পোশাক রপ্তানি করি।"
তিনি আরও জানান, সব মিলিয়ে অন্যান্য ব্র্যান্ড আগামী বছর তাদের প্রতিষ্ঠানে ১২ শতাংশ পর্যন্ত ক্রয়াদেশ বাড়ানোর আশ্বাস দিয়েছে।
শ্রমিক অসন্তোষপ্রবণ আশুলিয়ায় কারখানা রয়েছে, এমন আরেকটি শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের পরিচালক নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "আমাদের মোট রপ্তানির ৪৫ শতাংশ যায় এইচঅ্যান্ডএমের কাছে। তারা ক্রয়াদেশ কমায়নি, বরং আমরাই তাদের ক্রয়াদেশ কমাতে চাইছি।"
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "আমরা নির্দিষ্ট একটি ব্র্যান্ডের ওপর এতটা নির্ভরশীল থাকতে চাই না। এ জন্য জারা, আমেরিকান ইগলসহ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি। আশা করছি, তাদের কাছ থেকে কিছু ক্রয়াদেশ পাব।"
বছরে ৩৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করে দেশের শীর্ষস্থানীয় এমন প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম টিবিএসকে বলেন, বাংলাদেশের কিছু কারখানার ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে।
তবে নিজের কারখানার ক্রয়াদেশ অন্যত্র যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, "আমাদের প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। তবে আগামী বছর তা বাড়বে কি না, এখনই বলা যাচ্ছে না।"
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে আরেকজন রপ্তানিকারক জানান, অন্তত দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তাকে জানানো হয়েছে, মার্কস অ্যান্ড স্পেন্সার ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নির্দিষ্ট ধরনের পোশাকের ২০ শতাংশ ক্রয়াদেশ কমিয়ে ভারতে সরিয়ে নিয়েছে।
ক্রয়াদেশ কমানোর বিষয়ে জানতে টিবিএসের পক্ষ থেকে শনিবার মার্কস অ্যান্ড স্পেন্সারকে ই-মেইল করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
একই বিষয়ে এইচঅ্যান্ডএম ও ইন্ডিটেক্সকেও ই-মেইল করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেই জবাব পাওয়া যায়নি।
চাইলেই কি বাংলাদেশ থেকে ব্যাপক হারে ক্রয়াদেশ সরিয়ে নেওয়া সম্ভব?
রপ্তানিকারক ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা বলছেন, পোশাক উৎপাদনে বাংলাদেশের যে সক্ষমতা গড়ে উঠেছে, ভারত, শ্রীলঙ্কা বা পাকিস্তানে তা গড়ে ওঠেনি।