ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। কয়েদির নাম হারুন অর রশীদ (৬০)। আজ রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, হারুন অর রশীদ কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার রসুলপুর গ্রামের মৃত হোসেন ভূঁইয়ার ছেলে। গোয়ালন্দ থানার আত্মহত্যার প্ররোচনার একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে কারারক্ষীরা কেন্দ্রীয় কারাগার থেকে ওই কয়েদিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।