1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চামড়াশিল্পের বন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকা দাবি নবগঠিত লেদার ফাউন্ডেশনের ইএলসি সফটওয়্যার বানাল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে নীতি সুদহার কমাতে পারে বাংলাদেশ ব্যাংক: গভর্নর দেশের আর্থিক খাতে স্বস্তি ও আস্থা ফিরতে শুরু করেছে : অর্থ উপদেষ্টা বর্তমান এমপির বাড়িতে বোমা হামলার পর সাবেক এমপির বাড়ি ভাঙচুর এবিজি মিডিয়া কাপ: ‘বি’ গ্রুপে চ্যানেল আই, প্রতিপক্ষ যারা মুভমেন্ট ডিসঅর্ডার দিবস আগামীকাল, সচেতনতার আহ্বান অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল মধ্যপ্রাচ্য সংকটে বাতিল হয়েছে ৫৫ কার্গো এলএনজি, নবায়নযোগ্য উৎসে ঝুঁকছে বাংলাদেশ

অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

গ্রামবাংলার চিরচেনা ঝোপঝাড় কিংবা বাড়ির আঙিনায় আগের মতো আর শোনা যায় না সুমধুর শিস। নির্বিচারে বৃক্ষনিধন, আবাসস্থল ধ্বংস, ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমেই কমে যাচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের সংখ্যা। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী ও বাংলার ঐতিহ্যের অংশ এই পাখিটি এখন রীতিমতো অস্তিত্বের সংকটে পড়েছে।

একসময় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মিষ্টি শিস দিয়ে বাংলার প্রকৃতিকে জাগিয়ে তুলত যে ছোট্ট পাখিটি, সেটিই আমাদের জাতীয় পাখি দোয়েল। সাদা-কালো পালকের চঞ্চল স্বভাবের এই পাখিটি ছিল বাংলার আবহমান প্রকৃতি ও লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সময়ে এসে সেই চেনা সুর এবং পাখিটি উভয়ই প্রকৃতি থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে, আজ প্রকৃতিতে তার দেখা মেলা ভার। দোয়েল এখন দেশজুড়ে এক সংকটাপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে।

পরিবেশবিদ ও পাখি গবেষকদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে গাছপালা কাটা আর ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে আমাদের জাতীয় পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কীটনাশক প্রয়োগের ফলে দোয়েলের প্রধান খাদ্য কীটপতঙ্গ ও পোকামাকড় ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে পাখিগুলো তীব্র খাদ্যসংকটে পড়ে অকালেই প্রাণ হারাচ্ছে।

আজকের শিশু-কিশোরদের কাছে সে কেবলই পাঠ্যবইয়ের একটি স্থিরচিত্র। শহরের ইট-কাঠ-পাথরের জঙ্গলে হারিয়ে গেছে সবুজ, আর সেই সঙ্গে চিরচেনা দোয়েলও নতুন প্রজন্মের কাছে অচেনা হয়ে উঠেছে। আজকের শিশুরা সাধারণ জ্ঞানের খাতায় ‘জাতীয় পাখির নাম দোয়েল’ মুখস্থ করলেও, বাস্তবে চোখে দেখে না বললেই চলে।

স্বাধীনতার পর দেশের অসংখ্য পাখির ভিড়ে বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও গবেষকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে মূলত পাঁচটি প্রধান কারণ বিবেচনা করে দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়েছিল।

প্রথমত, দোয়েল দেশের প্রায় সব অঞ্চলেই সহজে দেখা যায়। গ্রাম, শহর, পাহাড় কিংবা বনাঞ্চল- সব জায়গাতেই এদের অবাধ বিচরণ ছিল। ফলে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে এটি অত্যন্ত পরিচিত ও আপন একটি পাখি।

দ্বিতীয়ত, জাতীয় পাখি নির্বাচনের সময় দেখা গিয়েছিল, বিশ্বের অন্য কোনো দেশ দোয়েলকে তাদের জাতীয় পাখি হিসেবে গ্রহণ করেনি। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিজস্ব ও স্বতন্ত্র প্রতীক হিসেবে এটি অনন্য হয়ে ওঠে।

তৃতীয়ত, সাধারণত বনের পাখি শহরে টিকতে পারে না, আবার শহরের পাখি বনে মানিয়ে নিতে পারে না। কিন্তু দোয়েল কোলাহলপূর্ণ জনবসতি ও নির্জন বন উভয় পরিবেশেই সমানভাবে খাপ খাইয়ে টিকে থাকতে পারে।

চতুর্থত, দোয়েলের গানের গলা অত্যন্ত মিষ্টি। ভোরবেলায় এর সুমধুর শিস যেমন মন কাড়ে, তেমনি সাদা-কালো পালক ও লম্বা লেজ উঁচিয়ে লাফিয়ে বেড়ানোর চঞ্চল ভঙ্গি একে এক অনন্য নান্দনিকতা দান করেছে।

পঞ্চমত, দোয়েল মূলত পতঙ্গভুক পাখি। এরা ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে ও প্রকৃতির পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা জাতীয় এই পাখির সম্মানার্থে রাজধানী ঢাকায় নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী দোয়েল চত্বর। এছাড়া বাংলাদেশের দুই টাকার নোটেও এর ছবি যুক্ত করে একে জাতীয় জীবনে চিরস্থায়ী মর্যাদা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের জাতীয় পাখি হলেও দোয়েলের বিচরণ কেবল এই ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়।

আন্তর্জাতিক পাখিবিষয়ক সংস্থা বার্ডলাইফ ইন্টারন্যাশনালের তথ্যমতে, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও প্রায় ১৫টি দেশে এই পাখিটি দেখা যায়।

দোয়েল দৈর্ঘ্যে প্রায় ২০ সেন্টিমিটার এবং ওজনে প্রায় ৪০ গ্রাম হয়ে থাকে। পুরুষ দোয়েলের শরীরের উপরিভাগ ও গলার নিচে কালো রঙের এবং পেট সাদা হয়; ডানার দুই পাশে সাদা রঙের ছোপ (প্যাচ) থাকে। অন্যদিকে, স্ত্রী দোয়েলের উপরিভাগ ও গলার নিচে ছাই-রঙা হয় এবং পেটের অংশ পুরুষ দোয়েলের মতো উজ্জ্বল নয়, কিছুটা ফিকে সাদা।

মার্চ থেকে জুলাই দোয়েলের প্রজননকাল। এ সময় গাছের গর্ত, দেয়াল বা পাইপের ফাঁকে ঘাস-পাতা দিয়ে বাসা তৈরি করে এরা সবুজ রঙের ৪-৫টি ডিম দেয়, যা থেকে ১২-১৩ দিনের মধ্যে ছানা বের হয়।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কায় দোয়েলের অবাধ বিচরণ রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও ফিলিপাইনেও প্রচুর পরিমাণে দোয়েল পাওয়া যায়। পূর্ব এশিয়ার চীনের দক্ষিণাঞ্চল এবং তাইওয়ানেও এই পাখিটির উপস্থিতি রয়েছে। অঞ্চলভেদে বিভিন্ন দেশে পাখিটি ভিন্ন ভিন্ন স্থানীয় নামে পরিচিত। যেমন, ভারতে এটি ‘দাহিয়াল’, শ্রীলঙ্কায় ‘পোলকিচ্চা’ এবং দক্ষিণ থাইল্যান্ডে ‘বিনলা’ নামে পরিচিত।

অপরিকল্পিত নগরায়ণের ফলে গ্রামীণ ও নগর উভয় অঞ্চলেই দোয়েলের আবাসস্থল ধ্বংস হচ্ছে। গ্রামে নির্বিচারে পুরোনো বড় গাছপালা ও বাঁশঝাড় কাটা এবং শহরে উচ্চ ভবনের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ার কারণে দোয়েল তাদের প্রাকৃতিকভাবে বাসা বাঁধার পরিবেশ ও নিরাপদ প্রজনন ক্ষেত্র হারাচ্ছে।

এছাড়া দেশজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার মোবাইল টাওয়ার থেকে নির্গত ক্ষতিকর অদৃশ্য তরঙ্গ পাখিদের অভ্যন্তরীণ দিকনির্ণয় ক্ষমতা এলোমেলো করে দিচ্ছে এবং ডিমের ভেতরের ভ্রূণ নষ্ট করছে, যা তাদের বংশবৃদ্ধির হারকে মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। আইন থাকা সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলে শিকারিদের ফাঁদ পেতে দোয়েল পাখি শিকার ও খাঁচাবন্দি করে কেনাবেচা করার প্রবণতাও এদের মুক্ত প্রজননে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বাস্তুসংস্থানে দোয়েলের ভূমিকা উল্লেখ করে বিশেষজ্ঞরা জানান, দোয়েল প্রাকৃতিকভাবে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে ফসলের ক্ষতিকর পোকা দমনে ভূমিকা রাখে। এই পাখি কমে যাওয়ার ফলে প্রকৃতিতে ক্ষতিকর পোকার উপদ্রব বেড়ে যাচ্ছে, যা পরোক্ষভাবে কৃষির ফলন ক্ষতিগ্রস্ত করছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

বাংলাদেশের বন্যপ্রাণী ও পাখি রক্ষার্থে দেশে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ রয়েছে। এই আইন অনুযায়ী যেকোনো দেশীয় বন্য পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় বা পরিবহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোটা অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে। বন্য পাখি শিকার বা বিক্রির যেকোনো তথ্য জানাতে বন অধিদপ্তরের অধীনে বিশেষায়িত ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট’ কাজ করছে।

জাতীয় পাখি দোয়েলকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পরিবেশবিদরা বেশ কিছু সুপারিশ করেছেন। এর মধ্যে কৃষিক্ষেত্রে রাসায়নিক বিষের বদলে পরিবেশবান্ধব সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা, নগর পরিকল্পনায় ‘সবুজ করিডোর’ রাখা, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের শতভাগ কঠোর প্রয়োগ নিশ্চিত করা এবং কৃত্রিম আবাসন হিসেবে পার্ক ও বনাঞ্চলে গাছের ডালে মাটির হাঁড়ি বা কৃত্রিম ‘পাখির বাসা’ বেঁধে দেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা বলেন, দোয়েল কেবল একটি পাখি নয়, এটি আমাদের জাতীয় পরিচয় ও লোকজ ঐতিহ্যের অংশ। অবিলম্বে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ না নিলে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গানের পাখিটি কেবল কাগজের নোট আর পাঠ্যবইয়ের ছবিতেই সীমাবদ্ধ থেকে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ