ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেজেমি ওভারটনের পাঁচ উইকেট শিকারের সুবাদে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারীরা ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে চাপ পড়ে অস্ট্রেলিয়া ১৬.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায়।
অজি অধিনায়ক মিচেল মার্শ আট বলে ১১ রান করে আউট হন। অন্যদিকে জেক ফ্রেজার-ম্যাকগার্ক ১১ বলে ২২ রান করেন, যার মধ্যে ছিল একটি চার ও দুটি ছক্কা। স্যাম হার্পার ১৪ বলে ২৬ রানের দ্রুতগতির ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, এতে একটি চার ও তিনটি ছক্কা ছিল। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় তারা বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হয়।
শেষ দিকে নিখিল চৌধুরী ২২ বলে ১৯ রান করেন এবং মিচেল ওয়েন ১৩ বলে ১৭ রান সংগ্রহ করেন। এছাড়া টিম ডেভিড ৬ ও জোয়েল ডেভিস ৩ করেন। ইংলিশদের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওভারটন; তিনি চার ওভারে মাত্র ১২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। লিয়াম ডসনও দারুণ বোলিং করে তিন ওভারে ১৬ রানে তিন উইকেট নেন। এছাড়া স্যাম কারান ১.৫ ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।
জবাবে ইংল্যান্ড যখন ছয় ওভারে ৩ উইকেটে ৫৩ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। এরপর বৃষ্টি শেষ হলে সফরকারীদের জন্য ১৭ ওভারে ৯৮ রানের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। এতে ৬৬ বলে তাদের আরও ৪৫ রান প্রয়োজন ছিল। পরবর্তীতে আরও একটি সমন্বয়ের মাধ্যমে লক্ষ্য কমিয়ে ১৬ ওভারে ৯৩ রান করা হয়, যার ফলে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল আরও ৪০ রান।
অ্যানিউরিন ডোনাল্ড মাত্র ১৩ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে আক্রমণাত্মক ৩২ রান করে জয়ের পথে দলকে এগিয়ে নেন। অন্যদিকে জর্ডান কক্স পাঁচটি চার ও একটি ছক্কা ১৪ বলে অপরাজিত ৩৩ রান করেন। ফিল সল্ট সাত বলে পাঁচ রান করে আউট হন, আর অধিনায়ক হ্যারি ব্রুক আট বলে নয় রান করার পর রাইলি মেরেডিথের শিকার হন। ডোনাল্ড আউট হওয়ার সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৯ রান; এরপরই বৃষ্টিতে খেলা বিঘ্নিত হয়।
তবে টম ব্যান্টন ১১ বলে অপরাজিত ১০ রান ও কক্স এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি। ইংল্যান্ড নবম ওভারেই অনায়াসে লক্ষ্যমাত্রা টপকে যায় এবং সাত উইকেটের জয় তুলে নেয়।