মার্সেই সমর্থকরা গ্যালারিতে লেভস্কি সোফিয়া সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ছবি: রয়টার্স
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ইউরোপা লিগে বৃহস্পতিবার দুটি ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সমর্থকদের সহিংসতা নিয়ে বাড়ছে উদ্বেগ। তাদের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্স ও বুলগেরিয়ার নেতারা বলেছেন, “সভ্য ইউরোপে সহিংসতার কোনো স্থান নেই।”
রয়টার্সের ছবিতে দেখা গেছে, মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচে মারামারির সময় মুখোশধারী ও রক্তাক্ত সমর্থকরা হাতে তৈরি অস্ত্র এবং ধাতব পাইপ ব্যবহার করছিল। বুলগেরিয়ার ক্লাবটি বলেছে, ফরাসি দল মার্সেইয়ের সমর্থকরা তাদের সমর্থকদের ওপর হামলা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
রয়টার্সের একজন আলোকচিত্রী জানিয়েছেন, মার্সেইয়ের মাঠে সফরকারী দলের স্ট্যান্ড থেকে একজন সমর্থক নাৎসি স্যালুট দেওয়ার পর সংঘর্ষ শুরু হয়।
এই ম্যাচে সহিংসতার ঘটনায় দুটি তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা। মার্সেইয়ের প্রসিকিউটর কার্যালয় শুক্রবার জানিয়েছে, একটি তদন্ত চলছে মার্সেই সমর্থকদের হামলার বিষয়ে। অন্য তদন্তটি করা হচ্ছে বুলগেরিয়ান সমর্থকদের নাৎসি স্যালুট প্রদর্শন ও অন্যান্য উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগের ভিত্তিতে।
আর জর্জিয়ার বাতুমি শহরে তুরস্কের বেসিকতাস ও ইসরায়েলের হাপোয়েল বে’য়ের শেভার ম্যাচ চলাকালীন সংঘর্ষ শুরু হয়, যার ফলে রেফারি ৩০ মিনিটের জন্য ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন।
মার্সেই ও লেভস্কি সোফিয়া ম্যাচে সমর্থকদের সংঘর্ষ। ছবি: রয়টার্স
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রা সংস্থা উয়েফা রয়টার্সকে জানিয়েছে, তাদের শৃঙ্খলা কমিটি “পরবর্তী কোনো সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করার আগে ম্যাচের প্রতিবেদনগুলো মূল্যায়ন করবে।”
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফ বলেছেন, তিনি ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ফোনে কথা বলেছেন এবং মার্সেই-লেভস্কি সোফিয়া ম্যাচে ঘটা সহিংসতার নিন্দা জানিয়েছেন।
মার্সেই পুলিশ জানিয়েছে, এই ম্যাচে ১১ জন বুলগেরিয়ান সমর্থক আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাদেফ ফেইসবুকে লিখেছেন, “আমরা এই অবস্থানের সঙ্গে একমত যে, সভ্য ইউরোপে আগ্রাসন এবং সহিংসতার কোনো স্থান নেই।
“ফরাসি কর্তৃপক্ষের পক্ষ থেকে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান, বুলগেরিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য প্রেসিডেন্ট মাক্রোঁকে ধন্যবাদ জানাই।”
মাক্রোঁ বলেছেন, তিনি বুলগেরিয়ান সমর্থকদের লক্ষ্য করে চালানো ‘সহিংস কর্মকাণ্ডের’ কঠোর নিন্দা করেছেন এবং রাদেভকে বলেছেন যে, দোষীরা শাস্তি না পেয়ে পার পাবে না।
গ্যালারিতে লেভস্কি সোফিয়া সমর্থকরা। ছবি: রয়টার্স
ম্যাচটি ১-০ গোলে হারা লেভস্কি সোফিয়া বলেছে, মুখোশধারী সমর্থকরা লাঠি ও ফ্লেয়ার নিয়ে তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। নিরাপত্তা কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও, কয়েকজন ফ্লেয়ার জ্বালিয়ে ব্যারিয়ার ভেদ করে ভেতরে ঢোকার চেষ্টা করে।
রয়টার্সের তোলা ছবিতে দেখা গেছে, স্টেডিয়ামের বিভিন্ন অংশকে আলাদা করা জালের বেড়ার ভেতর দিয়ে সমর্থকরা একে অপরকে আক্রমণ করছে।
ম্যাচের আগে ফরাসি কর্তৃপক্ষ লেভস্কি সমর্থকদের জন্য টিকেট বিক্রির পরিমাণ সাত গুণ কমিয়ে দিয়েছিল এবং স্টেডিয়ামে ও এর আশেপাশে তাদের চলাচলের ওপর বাড়তি বিধিনিষেধ আরোপ করেছিল।
নিরাপত্তাজনিত কারণে বেসিকতাস ও হাপোয়েল বে’য়ের শেভার ম্যাচটি ইস্তাম্বুল থেকে সরিয়ে জর্জিয়ার বাতুমি শহরে নিয়েছিল উয়েফা।
বাতুমিতে বেসিকতাস ও হাপোয়েল বে’য়ের শেভার ম্যাচে জর্জিয়ান পুলিশ গ্যালারিতে প্রবেশ করে। ছবি: স্ক্রিনশট
গ্যালারিতে সংঘর্ষের কারণে রেফারি ২৬তম মিনিটে ম্যাচটি স্থগিত করেন এবং ৩০ মিনিট বিলম্বের পর পুনরায় শুরু হয়। জর্জিয়ান পুলিশ গ্যালারিতে প্রবেশ করে এবং টেলিভিশন ফুটেজে দেখা যায়, একজন সমর্থককে স্ট্রেচারে করে বের করে আনা হচ্ছে।
তুর্কি সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, পুলিশ পেপার স্প্রে ব্যবহার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তুর্কির ক্লাবটির সমর্থকরা ইসরায়েল-বিরোধী স্লোগান দিচ্ছিলেন। খেলা পুনরায় শুরুর আগে পরিস্থিতি শান্ত করার জন্য সমর্থকদের সঙ্গে কথা বলেন বেসিকতাসের ফুটবল পরিচালক ও খেলোয়াড়রা।
নিরাপত্তা কর্মীদের ‘অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগ’-এর নিন্দা করে বেসিকতাস বলেছে, কিছু সমর্থককে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি। তুর্কির ক্লাবটি শেষ পর্যন্ত ম্যাচটি জেতে ২-১ গোলে।
তুর্কি ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “উয়েফা ইউরোপা লিগের ম্যাচের আগে ও খেলা চলাকালীন স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে বেসিকতাস সমর্থকদের প্রতি প্রদর্শিত অগ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গি, আচরণ ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই আমরা।
ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?
হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা
রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?