রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৫:০৭
বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে বিশেষ গুরুত্ব দিয়ে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক কবি ও সাহিত্যিক এ সম্মেলনে অংশ নিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া লেখক চক্রের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বাংলা একাডেমির উপপরিচালক ও ছড়াকার ইমরুল ইউসুফ শুভেচ্ছা বক্তব্য দেন।
উদ্বোধনী পর্ব শেষে বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, সম্মেলনের স্মারকগ্রন্থ, দুটি সেমিনার পেপার এবং কবি মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’ প্রকাশ করা হয়।
তিন দিনের এ সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও থাকছে দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি স্বরচিত কবিতা ও ছড়া পাঠের পর্ব। প্রথম দিনেই কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা এবং তাঁর কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় দিন বিকেল ৪টায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬ প্রদান করা হবে। তৃতীয় দিনে অংশগ্রহণকারী কবি-সাহিত্যিকেরা জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন।
এদিকে কবি সম্মেলন ঘিরে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির প্রকাশনা ছাড়াও বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই এবং বিভিন্ন লিটল ম্যাগাজিন পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে শীতকালীন পিঠার আয়োজন।
এর আগে সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেওয়া কবি-সাহিত্যিকেরা নেচে-গেয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
আয়োজকরা জানান, কবি-সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়, সাহিত্যচর্চার প্রসার এবং নতুন লেখকদের উৎসাহিত করাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/1427-20261127