১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
তিনি সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন।