বাংলাদেশসহ ১৬টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে করা তদন্তের ফল শিগগির প্রকাশ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিকেলেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। এরপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্কের প্রস্তাব দেবে, যা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাতিল করা শুল্কের বিকল্প হিসেবে এই নতুন শুল্ক আরোপ করা হবে। তবে দেশভেদে শুল্কের হার ভিন্ন হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্কের সর্বোচ্চ হার ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ রাখার বিষয়ে আগের বাণিজ্য চুক্তির সীমা বহাল রাখতে পারে ওয়াশিংটন।
ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদার দেশগুলোর অধিকাংশের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার দাবি তুলে এ তদন্ত শুরু করা হয়।
তদন্তের আওতায় থাকা দেশ ও অঞ্চলের মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্ত প্রতিবেদনে দেশভেদে ভিন্ন শুল্কের সুপারিশ থাকতে পারে। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা রয়েছে বলে বিবেচিত দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার কারণে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ হচ্ছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনা বিনিয়োগের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশে পণ্য উৎপাদন করে আগের মার্কিন শুল্ক এড়ানোর চেষ্টা করছে চীনা প্রতিষ্ঠানগুলো।