তিন মাসের বর্ষাবাসের সমাপ্তি, প্রবারণা পূর্ণিমার উৎসব ও কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধারাবাহিক ধর্মীয় আয়োজনের শেষ পর্বে পিণ্ডচরণে মুখর হয়ে উঠেছে বান্দরবানের পাহাড়ি জনপদ। হাতে পাত্র নিয়ে সারিবদ্ধভাবে হেঁটে চলেছেন বৌদ্ধ ভিক্ষুসংঘ। তাদের পাত্রে পুণ্যার্থীরা তুলে দিচ্ছেন নিজেদের জুম ও ক্ষেতের ফসল, অর্থসহ নানা সামগ্রী।
বান্দরবানের ঐতিহ্যবাহী জেতবুদ্ধ খ্যংওয়া ক্যং আসাংম্রই রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে এই পিণ্ডচরণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চার শতাধিক বৌদ্ধ ভিক্ষু, শ্রমণ ও ভিক্ষুণী। জেলার বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে আসা পুণ্যার্থীরাও শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দান করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই আয়োজন কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়। এর মধ্য দিয়ে প্রকাশ পায় আত্মশুদ্ধি, ত্যাগ, দান ও দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য।
বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এ সময় তারা নির্দিষ্ট বিহারে অবস্থান করে ধর্মচর্চা, ধ্যান ও আত্মসংযমের অনুশীলন করেন। প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে শেষ হয় এই বর্ষাবাস।
মারমা সম্প্রদায়ের মানুষের কাছে প্রবারণা পূর্ণিমা পরিচিত ‘মাহা ওয়া গ্যোয়াই পোওয়ে’ নামে। এ উৎসবকে ঘিরে মারমা, ম্রো, চাক, খিয়াং, খুমি, চাকমা ও তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন বৌদ্ধ জনগোষ্ঠীর মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানো, পূজা, প্রদীপ প্রজ্বালন ও রথযাত্রার আয়োজন করা হয়। গৌতম বুদ্ধের চুলের স্মৃতিবিজড়িত চূড়ামণি জাদি এবং উপগুপ্ত বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় ফানুস। এ ছাড়া স্বর্গরাজের পাখির আদলে তৈরি ‘কুরুওয়ে শোওয়ে ফংদ’ রথযাত্রা ও হাজার প্রদীপ প্রজ্বালনে উৎসব আরও বর্ণিল হয়ে ওঠে।
প্রবারণা পূর্ণিমার পর বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় কঠিন চীবর দান অনুষ্ঠান। বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় চীবর বা বস্ত্র দানের এই আয়োজনকে অত্যন্ত পুণ্যময় মনে করেন ধর্মাবলম্বীরা।
ধর্মীয় রীতি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর প্রস্তুত করে ভিক্ষুদের দান করা হয়। এতে দাতাদের শ্রম, ত্যাগ ও ধর্মীয় নিষ্ঠার প্রকাশ ঘটে। বিহারগুলোতে সমবেত হন বিভিন্ন এলাকার পুণ্যার্থী। প্রার্থনা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ।
কঠিন চীবর দান অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পিণ্ডচরণ বা পিণ্ডভিক্ষা। ভিক্ষুসংঘ পাত্র হাতে বান্দরবান শহরের বিভিন্ন সড়ক ধরে হেঁটে যান। তাদের দেখতে সড়কের পাশে ভিড় করেন নানা বয়সী মানুষ। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দান করেন খাদ্যশস্য, অর্থ ও অন্যান্য সামগ্রী।
দুর্গম পাহাড়ি গ্রাম থেকে আসা অনেক পুণ্যার্থী নিজেদের জুম, ক্ষেত ও খামারে উৎপাদিত ধান-সবজি নিয়ে উপস্থিত হন। কেউ দেন মোমবাতি, কেউ অর্থ। সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের দানই হয়ে ওঠে পুণ্য অর্জনের অংশ।
পাহাড়ের কৃষিজীবী মানুষের কাছে এই দান কেবল ফসলের অংশ তুলে দেওয়া নয়। এর মধ্য দিয়ে তারা নিজেদের শ্রম ও জীবিকার একটি অংশ ধর্মীয় কাজে উৎসর্গ করেন।
বান্দরবানের পাহাড়ি জনপদে বর্ষাবাস, প্রবারণা পূর্ণিমা, কঠিন চীবর দান ও পিণ্ডচরণ দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এসব আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
এই আয়োজন ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি মানুষের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনও দৃঢ় করে। জুমের ফসল, অর্থ ও নানা সামগ্রী দানের মধ্য দিয়ে প্রকাশ পায় মানুষের আন্তরিকতা ও পুণ্য অর্জনের আকাঙ্ক্ষা।
বর্ষাবাসের সাধনা শেষে কঠিন চীবর দান ও পিণ্ডচরণের মধ্য দিয়ে পূর্ণতা পায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই য়োজন। পাহাড়ের মানুষের বিশ্বাস, জীবনযাপন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রকাশ হয়ে ওঠে এই উৎসব।