সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) ভোররাত ৫টার দিকে সিলেট নগরীর জল্লারপাড়ের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট ভ্রমণের কথা বলে আটকরা মঙ্গলবার সকালে ওই হোটেলে উঠেছিলেন।
পুলিশ জানায়, জল্লারপাড় এলাকার একটি হোটেলে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীও হোটেলটির নিচে অবস্থান নেন। দীর্ঘ অভিযান শেষে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরবর্তীতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।